বরিশাল নিউজ
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পিএম
বরিশাল বিভাগীয় কমিশনার ও ডিআইজি অফিসের কাছে সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের করা ঝটিকা মিছিল থেকে ওই ককটেল ফাটানো হয়।
নগরীর কাশিপুর এলাকায় বুধবার,২৩ সেপ্টেম্বর দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ব্রাদার্স স্টোর্সের দোকানি মো.তামিম বলেন, কাশিপুর স্কুল অ্যান্ড কলেজের দিক থেকে অর্ধশতাধিক লোক মিছিল নিয়ে আসে। তারা জয় বাংলা স্লোগান দিয়ে বিভাগীয় কমিশনার কার্যালয়ের কাছে মহাসড়কে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থলের কাছে থাকা অপর প্রত্যক্ষদর্শী চা দোকানি বলেন, হঠাৎ করে বিকট শব্দে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। পাশে তাকিয়ে দেখি কিছু লোক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে পালিয়ে যাচ্ছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো.আনিসুর রহমান বলেন, বিকট শব্দের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখানে রাস্তার মধ্যে কিছু বিস্ফোরণের আলামত দেখেছি। এটি কীসের শব্দ ছিল তার উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে। স্থানীয় সিসি ক্যামেরাগুলো পর্যবেক্ষণ করছে পুলিশ।
তিনি আরও বলেন, এখানে মিছিলের খবরও পাওয়া গেছে। তবে কারা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন