Advertise top
বরিশাল

জনবল নিয়োগ; ইউএনও অবরুদ্ধ ছাত্রদল কর্মীদের হাতে

বরিশাল নিউজ

প্রকাশ : ১৭ আগষ্ট ২০২৬, ০৯:২৭ পিএম       

জনবল নিয়োগ; ইউএনও অবরুদ্ধ ছাত্রদল কর্মীদের হাতে
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাত্রদল কর্মীদের হাতে অবরুদ্ধ। ছবি: সংগৃহীত

ফ্যামিলি কার্ড শুমারিতে জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন ছাত্রদল নেতা-কর্মীরা । পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবরুদ্ধ করে  রেখেছিলেন তারা।

 

বরিশাল সদর উপজেলা চত্বরে রবিবার বেলা ১১টার দিকে  বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল নেতা-কর্মীরা জড়ো হন। বিক্ষোভের এক পর্যায়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানাকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়।

 

এব্যাপারে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ইলিয়াস আহমেদ জানান, তিনি সায়েস্তাবাদ ইউনিয়ন সুপারভাইজার হিসেবে আবেদন করেছেন। অথচ সদর উপজেলা বিএনপির এক যুগ্ম আহ্বায়কের সুপারিশে যাকে ওই পদে নেওয়া হয়েছে, তিনি এইচএসসি পাস। নিয়োগের শর্ত অনুযায়ী সুপারভাইজার পদে বিএ পাস হতে হবে।

 

এছাড়াও তারা খতিয়ে দেখেছেন মোট ৯৯ জনের মধ্যে ১৫-২০ জন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী এবং তাদের স্বজন। এর প্রতিবাদ জানিয়ে তারা সদর উপজেলায় বিক্ষোভ করেছেন।

 

আন্দোলনে নেতৃত্ব দেওয়া সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেজান মাহমুদ বলেন, চরবাড়িয়া ইউনিয়নের ছাত্রলীগের কর্মী আ.হক তথ্য সংগ্রহকারী পদে সুযোগ পেয়েছেন।

 

চন্দমোহন ইউনিয়নে যুবলীগ নেতার স্ত্রী মুনিয়া সুযোগ পেয়েছেন। অথচ যেসব ছাত্রদল কর্মী এত বছর মামলা হামলার শিকার হয়েছেন, তারা বঞ্চিত হয়েছেন।

 

সায়েস্তাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাঈম হোসেন বলেন, সদর উপজেলার ১০ ইউনিয়ন থেকে জনবল নিয়োগ দেওয়া হয়েছে। এখানে আওয়ামী লীগের লোকজন সুযোগ পাওয়ায় তারা রবিবার বেলা ১১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত প্রতিবাদ করেছেন। পরে ইউএনও তাদের কাছে আওয়ামী লীগে সম্পৃক্তদের তালিকা চেয়েছেন।

 

এ ব্যপারে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা বলেন, ফ্যামিলি কার্ড শুমারির জন্য আমরা তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে কিছুসংখ্যক লোক নিয়োগ করছি। এ জন্য আবেদনকারীর মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার মেধা ভিত্তিকভাবে ৯১ তথ্য সংগ্রহকারী, ৮ সুপারভাইজারের তালিকা প্রকাশ করা হয়েছে। তিনি বলেন,রবিবার কিছুসংখ্যক যুবক নিজেদের ছাত্রদল দাবি করে উপজেলায় এসেছিলেন। তাদের দাবি ছিল যে তারা বঞ্চিত হয়েছেন। কিন্তু আমরা দলীয় ভিত্তিতে কাউকে সুযোগ দিইনি। নিষিদ্ধঘোষিত দলের কেউ যুক্ত আছে, এমনটা লিখিতভাবে জানালে ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal