Advertise top
আদালত-অপরাধ

তোর অবস্থাও ছাগলের মতো হবে

বরিশাল নিউজ, পিরোজপুর

প্রকাশ : ১৭ আগষ্ট ২০২৬, ০৪:৪০ পিএম       

তোর অবস্থাও ছাগলের মতো হবে
ভুক্তভোগী কৃষক আহাজারি। ছবি: সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে সুপারি চারা খাওয়ার অভিযোগে দুটি ছাগলের পা বেঁধে খালে ফেলে দেওয়ার পর  দুটি ছাগলই মারা গেছে।  ছাগলের মালিক একই গ্রামের কৃষক মো. হালিম হাওলাদার ওই রাতেই প্রতিবেশী সুনীল হালদারের বিরুদ্ধে নেছারাবাদ থানায় অভিযোগ দায়ের করেন।

উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মৈশানি গ্রামে রবিবার, ১৬ আগস্ট বিকালে এ ঘটনা ঘটে।

 

তোর অবস্থাও ছাগলের মতো হবে

ছাগলের মালিক হালিম হাওলাদার জানান, তার বাড়ির সামনের সরকারি রাস্তার পাশে সুনীল হালদারের একটি সুপারি চারার বাগান রয়েছে। সকালে ছাগলগুলো বাড়িতে রেখে তিনি খাবার সংগ্রহে বের হন। দুপুরে ফিরে ছাগল না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন এবং বিকালে সুপারি বাগানের পাশের খালে চার পা বাঁধা অবস্থায় ছাগলগুলোকে ভাসতে দেখেন।

 

হালিমের অভিযোগ, তার তিনটি ছাগল সুনীলের চারটি সুপারি চারা খেয়ে ফেলেছিল, যাতে ক্ষিপ্ত হয়ে সুনীল ছাগলগুলোর পা বেঁধে খালে ফেলে দেন। "আমি গরিব মানুষ। তিনটি ছাগলই আমার সম্বল। চারটি সুপারি চারা খাওয়ার অপরাধে আমার ছাগলগুলোকে এভাবে বেঁধে খালে ফেলে দেওয়া হয়েছে। আমি এর বিচার চাই," বলেন হালিম।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনা নিয়ে জিজ্ঞাসা করতে গেলে সুনীল তাকে হুমকি দিয়ে বলেন, "বেশি বাড়াবাড়ি করলে তোর অবস্থাও ছাগলের মতো হবে।"

 

গ্রাম পুলিশের বক্তব্য

স্থানীয় গ্রাম পুলিশ মো. শাহাদাৎ বলেন, হালিম অত্যন্ত দরিদ্র মানুষ। তার তিনটি ছাগল সুনীলের চারটি সুপারি চারা খেয়েছিল বলে তিনি শুনেছেন, যা নিয়ে ক্ষিপ্ত হয়ে ছাগলগুলোর পা বেঁধে খালে ফেলে দেওয়া হয়। তিনি বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করেন।

স্থানীয় ইউপি সদস্য রুবেল গাজীও ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দরিদ্র কৃষক হালিম হাওলাদারের ছাগল সুপারি চারা নষ্ট করার অভিযোগে সেগুলোর পা বেঁধে খালে ফেলে দেওয়া হয়েছে, যাতে দুটি মারা গেছে এবং আরেকটির অবস্থাও খুবই খারাপ।

 

সুপারি চারা খেয়েছে,  তাড়িয়ে দিয়েছি, মারিনি !

অভিযোগ অস্বীকার করেছেন সুনীল হালদার। তিনি বলেন, "ছাগলগুলো আমার সুপারি চারা খেয়েছে। আমি শুধু তাড়িয়ে দিয়েছি, মারিনি।"

 

লিখিত অভিযোগ পাওয়া গেছে

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal