বরিশাল নিউজ
প্রকাশ : ১২ আগষ্ট ২০২৬, ০৩:০৮ পিএম আপডেট : ১২ আগষ্ট ২০২৬, ০৩:২৯ পিএম

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেলটি সেখানে একটি ব্যাগে রাখা ছিল।
আজ বুধবার, ১২ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এতে কেউ হতাহত না হলেও আদালত চত্বরে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখে তদন্ত শুরু করেন।
পুলিশ জানিয়েছে, আদালতের প্রধান প্রবেশপথের বাম পাশে একটি ব্যাগ পড়ে ছিল। সকাল সাড়ে ১০টার দিকে ব্যাগের ভেতরে থাকা একটি বস্তু বিস্ফোরিত হয়। কে বা কারা ব্যাগটি সেখানে রেখে গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে অল্প দূরেই পুলিশের একটি চেকপোস্ট রয়েছে। বিস্ফোরণের পর ডিবি পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আদালত চত্বর ঘিরে তদন্ত শুরু করেন।
ঘটনাস্থলের পাশেই থাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হচ্ছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। তদন্তের অংশ হিসেবে আগস্ট মাসকে ঘিরে কোনো নাশকতার পরিকল্পনা বা বিশেষ প্রেক্ষাপটের সঙ্গে এ ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার সময় আদালতে প্রবেশ করছিলেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য আমিনুল ইসলাম সোহাগ। তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে মামলা পরিচালনার জন্য আদালতে ঢুকছিলাম। ঠিক তখনই প্রবেশমুখে পড়ে থাকা একটি ব্যাগে বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে আশপাশের বিচারপ্রার্থী ও আইনজীবীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন