বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৬:০৬ পিএম আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৬:০৭ পিএম

চলমান গ্যাস সংকট কাটাতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় গ্যাস সংকট সমাধানে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
মঙ্গলবার, ২৮ জুলাই দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান তিনি।
মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
প্রতিমন্ত্রী বলেন, সমস্যার গুরুত্ব অনুভব করে প্রধানমন্ত্রী গতকাল সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে একটি পত্র লেখেন, যেটি আজকে মালয়েশিয়া সফরে থাকা শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন হস্তান্তর করেছেন কুয়ালালামপুরে।
দেশে একটি ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বর্তমানে দেশে গ্যাস সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। এর ফলে জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস কম সরবরাহ হচ্ছে। এতে শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র, সিএনজি স্টেশন এবং আবাসিক গ্রাহকরা ভোগান্তিতে পড়েছেন।
প্রতিমন্ত্রী বলেন,ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালটি আগামী দুই সপ্তাহের মধ্যে পুরোপুরি সচল হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন