বরিশাল নিউজ
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৫:০২ পিএম

বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক এ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। শনিবার, ৯ মে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা পিজি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছি ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহি রেখে গেছেন।
নগরীর মাহমুদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আজ বাদ এশা (রাত ৯টায়) মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
এর আগে সন্ধ্যা ৬টায় শ্রদ্ধা জানানোর জন্য মরহুম ইসমাইল হোসেন নেগাবান মন্টু'র মৃতদেহ বরিশাল প্রেসক্লাবে নিয়ে আসা হবে।
এদিকে প্রবীণ সাংবাদিক মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ কার্যকরী কমিটি এবং সদন্যবৃন্দ।
এক শোক বিবৃতিতে তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ঢাকা পিজি হাসপাতালে ছুটে যান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, ক্রাবের সহসভাপতি মাসুম মিজান ও সমাজসেবক আবিদ হোসেন বাবুসহ অন্যান্য ব্যক্তিবর্গ। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
মু. ইসমাইল হোসেন নেগাবান বানারীপাড়া উপজেলার চাখার খলিশাকোটা মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৭৩ সালে মাধ্যমিক পাস করেন। এরপর চাখার কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ থেকে রাষ্ট্র বিজ্ঞানে অনার্স-মাষ্টার সম্পন্ন করেন। এছাড়া বরিশাল ’ল’ কলেজ থেকে এলএলবি সম্পন্ন করে আইন পেশায় যুক্ত হন। তার বাবা ছিলেন একজন শিক্ষক।
১৯৮১ সালে ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক রাজনীতি পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় হাতেখড়ি দেন ইসমাইল হোসেন নেগাবান মন্টু। এরপর লোকবানী, দৈনিক নব অভিযানে সাংবাদিকতা করেন তিনি। সবশেষ মৃত্যুর আগপর্যন্ত ডেইলি অবজারভার পত্রিকায় বরিশাল ব্যুরো চিফ হিসেবে কর্মরত ছিলেন ইসমাইল হোসেন নেগাবান মন্টু।
তিনি বরিশাল প্রেসক্লাবে সাধারণ সম্পাদক এবং সভাপতি পদে থেকে সাংবাদিক অঙ্গণেও নেতৃত্ব দিয়েছেন। সবশেষ ২০২১ সালে বরিশাল প্রেসক্লাবের সভাপতি এবং তার আগে ১৯৯৩ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এছাড়া বরিশাল জেলা আইনজীবী সমিতিতেও তিনি নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে থেকে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া বরিশাল জেলার জিপি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
কর্মজীবনে তিনি একজন সৎ এবং নিষ্ঠাবান মানুষ হিসেবেই পরিচিত ছিলেন। ঘুষ, অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে স্বোচ্চার ছিলেন তিনি। সত্যকে কখনো মিথ্যা দিয়ে আড়াল করার চেষ্টা করেননি।
ইসমাইল হোসেন নেগাবান মন্টুর বাল্যবন্ধু ও বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সদস্য কাজী মকবুল হোসেন বলেন, ইসমাইল হোসেন নেগাবান মন্টু একজন প্রকৃত সৎ লোক ছিলেন। তিনি কখনো অন্যায়ের সাথে আপস করেননি। কর্মজীবনের শুরুতে তিনি হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের “ল অফিসার” পদে নিয়োগ পেয়েছিলেন। সেখানে ঘুষের টাকা লেনদেন হওয়ায় দেড় থেকে দুই বছরের মধ্যেই চাকরি ছেড়ে একজন সাধারণ আইনজীবী হিসেবে বরিশাল আদালতে কর্মজীবন শুরু করেন।
বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন জানান, ইসমাইল হোসেন নেগাবান মন্টু অনেক দিন ধরেই হিপ জয়েন্টের সমস্যায় ভুগছিলেন। এরপর গত ৩১ মার্চ তাকে ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৫ এপ্রিল সেখানে তার হিপ জয়েন্টে সফল অস্ত্রপচার হয়। গত শুক্রবার থেকে তাঁর শারীরিক অবস্থার অনতি ঘটে। এরপর শনিবার সকালে তিনি দুনিয়ার মায়া কাটিয়ে পরকালে পাড়ি জমান।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন