বরিশাল নিউজ
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৯:৩৯ পিএম

বরিশালে বাসায় ডেকে এনে প্রেমিকা সানজিদা কবির আনিতাকে খুনের অভিযোগে কথিত প্রেমিক মাইনুল ইসলাম হিমুকে গ্রেপ্তার করেছে র্যাব ৮।
গত ২৩ এপ্রিল ওই খুনের ঘটনা ঘটে। নিহত আনিকা অক্সফোর্ড মিশন রোড এলাকায় ভাড়া থাকতেন। তার বাবার নাম মো. মহসিন কবির। তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তেগাছিয়া গ্রামের বাসিন্দা।
হিমু ঝালকাঠি পৌর শহরের কাটপট্টি এলাকার বাসিন্দা। তিনি বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোড এলাকার অক্সফোর্ড মিশন প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে রাফি মঞ্জিলের ৬ষ্ঠ তলার ভাড়াটিয়া ছিলেন। তার বাসা থেকে আনিতার মরদেহ উদ্ধার করা হয়।
র্যাব ৮ এর কোম্পানি কমান্ডার মো. কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার, ৭ মে সকালে উজিরপুর উপজেলার ইছলাদী টোল প্লাজা এলাকা থেকে হিমুকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এসআই মেহেদি হাসান বলেন, র্যাব গ্রেপ্তার আসামিকে থানায় হস্তান্তর করেছে। হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ চলছে।
র্যাব জানায় হিমুর সাথে আনিতার প্রায় দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন বোনের বাসায় যাওয়ার কথা বলে আনিতা সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে বের হন। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে হিমুর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এই ঘটনায় আনিতার বোন হিমুকে প্রধান আসামী করে কোতয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন