বরিশাল নিউজ, পিরোজপুর
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম

পিরোজপুরে কর্মে নিয়োজিত মানুষের মধ্যে নারী মাত্র ১১.৭৬ শতাংশ। অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফলে এ তথ্য উঠে এসেছে।
জেলায় কর্মে নিয়োজিত মানুষের সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ৬৩২। এর মধ্যে পুরুষের অংশ ৮৮.২৪ শতাংশ। নারী-পুরুষের এই ব্যবধান কমানোর ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা।
ফলাফলটি তুলে ধরা হয় বুধবার, ২৫ নভেম্বর সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে। সেখানে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল ও বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) নিয়ে সেমিনার হয়। জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয় যৌথভাবে এর আয়োজন করে।
প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান মামুন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান।
জেলা প্রশাসক বলেন, শুমারির তথ্য উন্নয়ন পরিকল্পনা ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাঠপর্যায়ে সতর্কভাবে সঠিক তথ্য সংগ্রহ করতে হবে বলে জানান তিনি। তার মতে, কোনো তথ্য বাদ দেওয়া বা ভুল দেওয়ার সুযোগ নেই।
নারীর কর্মসংস্থান নিয়েও কথা বলেন জেলা প্রশাসক। তিনি বলেন, নারীদের অংশগ্রহণ বাড়াতে সম্মিলিত উদ্যোগ দরকার। এ জন্য কর্মসংস্থানের সুযোগ, দক্ষতা বৃদ্ধি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার কথা বলেন তিনি।
পুলিশ সুপার তালেবুর রহমান বলেন, উন্নয়নের জন্য নির্ভুল তথ্য-উপাত্তের বিকল্প নেই। জরিপে সবাইকে সহযোগিতা করতে হবে বলেও জানান তিনি।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) হারুন-অর-রশীদ। তিনি শুমারির ফলাফল, জেলার কর্মসংস্থান পরিস্থিতি ও ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য তুলে ধরেন। বিএসবিআরের গুরুত্ব ও কার্যক্রম নিয়েও কথা বলেন তিনি।
বক্তারা বলেন, এসব তথ্য কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগের সম্ভাবনাময় খাত চিহ্নিত করতে সহায়ক। অর্থনীতিতে নারী-পুরুষের সমান অংশগ্রহণের সুযোগ তৈরির ওপরও তারা জোর দেন। সেমিনারে সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন