Advertise top
পরিবেশ

কুয়াকাটায় উত্তাল সাগর, সংকেত চার বন্দরে

বরিশাল নিউজ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পিএম    

কুয়াকাটায় উত্তাল সাগর, সংকেত চার বন্দরে
উত্তাল বঙ্গোপসাগর। ফাইল ছবি

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ রূপ নিতে পারে, এ আশঙ্কায় চার সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, নিম্নচাপটি আরও পশ্চিমে অগ্রসর হয়ে আজ সোমবার ২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন সাগর উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকায় আকাশ ঘন মেঘে ঢাকা এবং আবহাওয়া গুমোট।

 

নিম্নচাপটি রবিবার, ২৫ অক্টোবর মধ্যরাতে পায়রা বন্দর থেকে ৭৮০ কিলোমিটার, মোংলা বন্দর থেকে ৭৮০ কিলোমিটার, কক্সবাজার বন্দর থেকে ৭৫৫ কিলোমিটার ও চট্টগ্রাম বন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণে ছিল। কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা হাওয়ায় এ গতি ৬০ কিলোমিটার পর্যন্ত উঠছে।

 

পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা বন্দরকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

 

পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবা সুখী সোমবার, ২৬ অক্টোবর সকাল ১০টায় এসব তথ্য নিশ্চিত করেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal