Advertise top
ভোলা

বিসর্জনে প্রস্তুত কোস্ট গার্ডের ডুবুরি

বরিশাল নিউজ, ভোলা

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পিএম    

বিসর্জনে প্রস্তুত কোস্ট গার্ডের ডুবুরি
ভোলা সদরের ওয়েস্টার্ণ পাড়ার মিহির লাল সাহার মাঠ সর্বজনীন পূজামণ্ডপে কোস্টগার্ডের ব্রিফিং। বরিশাল নিউজ ডটকম, ভোলা

প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা ঠেকাতে ডুবুরি দল প্রস্তুত রেখেছে কোস্ট গার্ড। উপকূলের ৩৭১ মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দক্ষিণাঞ্চলের ছয়টি জেলার ১৮টি উপজেলায় নিরাপত্তা বাড়িয়েছে কোস্ট গার্ড। উপকূলীয় এলাকার মোট ৩৭১টি পূজামণ্ডপে থাকছে নজরদারি। উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সাধারণ মানুষের জানমালের সুরক্ষা নিশ্চিত করাই এর লক্ষ্য।

 

ভোলা সদরের ওয়েস্টার্ণ পাড়ার মিহির লাল সাহার মাঠ সর্বজনীন পূজামণ্ডপে শনিবার, ১৭ অক্টোবর সকাল ১১টায় একটি ব্রিফিং হয়। কোস্ট গার্ড দক্ষিণ জোন এর আয়োজন করে।

 

ব্রিফিংয়ে কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার জামিলুর রহমান (এন), বিএন জানান, পূজা চলাকালে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামলাতে সদস্যরা সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন। এ জন্য টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

 

প্রতিমা বিসর্জনের সময় সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকবে বলে জানান জামিলুর রহমান। হিন্দু ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

 

জরুরি সহায়তার জন্য কোস্ট গার্ডের হটলাইন ১৬১১১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal