Advertise top
বরিশাল

শিক্ষার্থীদের বিক্ষোভ, গৌরনদীতে যুবদল নেতার কারাদণ্ড

বরিশাল নিউজ

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম       

শিক্ষার্থীদের বিক্ষোভ, গৌরনদীতে যুবদল নেতার কারাদণ্ড
গৌরনদী নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ভ্রাম্যমান আদালত। ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদীতে স্কুলের ছাত্রছাত্রীদের হয়রানি ও দশম শ্রেণির এক ছাত্রকে মারধরের পর কান ধরিয়ে ওঠবস করানোর অপরাধে যুবদলের এক নেতাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

উপজেলার নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার, ৩০ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত লিপন শরীফ উপজেলার নাঠৈ গ্রামের বাসিন্দা এবং জেলা যুবদলের সাবেক সদস্য।

 

এ ব্যাপারে থানা হাজতে থাকা লিপন শরীফ  সাংবাদিকদের  জানিয়েছেন, ‘ওই স্কুলের শিক্ষার্থীরা প্রায়ই ক্লাস ফাঁকি দিয়ে এলাকায় ঘোরাফেরা করে। বিষয়টি শিক্ষকদের জানিয়েও কোনও প্রতিকার মেলেনি। তাই শিক্ষার্থীদের শাসন করতে গিয়েছিলাম।’

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহিন জানিয়েছেন, যুবদল নেতা লিপন শরীফ গত কয়েক মাস ধরে স্কুলের শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানি করে আসছিলেন। গতকাল মঙ্গলবার স্কুলের বিরতিকালীন সময়ে অহেতুক দশম শ্রেণির এক ছাত্রকে মারধর করেন। একপর্যায়ে স্কুলের মাঠে নিয়ে কান ধরিয়ে ওঠবস করান। বিষয়টি দেখে শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিবাদ করেন। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে চলে যান তিনি।

 

প্রধান শিক্ষক আরও জানান, এ নিয়ে বুধবার,৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে স্কুলের শিক্ষার্থীরা অভিযুক্ত লিপন শরীফের বিচারের দাবি করেন।

 

বিচারের দাবিতের তারা বিক্ষোভ মিছিল বের করলে লিপন শরীফ লাঠি নিয়ে স্কুলে প্রবেশ করেন। এতে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে তাকে একটি কক্ষে অবরুদ্ধ করে রাখেন।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিষয়টি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইব্রাহীমকে জানানো হয়। খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এলে শিক্ষার্থীরা লিপন শরীফের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন।

 

পরে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মো.মেহেদী হাসান তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। তিনি বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করায় তাকে এই দণ্ড দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।’

 

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, দণ্ডপ্রাপ্তকে লিপন শরীফকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal