Advertise top
বরিশাল

সেই শিশুর বাবার চিকিৎসার ব্যবস্থা করলেন ইউএনও

বরিশাল নিউজ

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পিএম    

সেই শিশুর বাবার চিকিৎসার ব্যবস্থা করলেন ইউএনও
উজিরপুরের মাদকাসক্ত অনিক সরদারকে রিহ্যাবে পাঠানো হয়েছে। ছবি: সংগৃহীত

খুঁটির সাথে বেধে রাখা ‘সেই বাবা’ এখন মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে ঠাঁই পেয়েছেন।  শুধু তাই নয়,পরিবারটির পাশেও দাঁড়িয়েছে প্রশাসন। 

 

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আলী সুজা আজ  সোমবার এই উদ্যোগ নেন। 

 

চুরির অপরাধে মারধর করে সারা রাত খুঁটির সাথে বেঁধে রাখা বাবার মুখে খাবার তুলে দিয়ে তার ছোট মেয়েটি ভালবাসার যে হৃদয়স্পর্শী দৃষ্ঠান্ত দেখালো, তা দায়িত্ব বোধের প্রতি সবার চোখ খুলে দিয়েছে। শুধু শাস্তি নয়, সংশোধনের উদ্যোগও প্রয়োজন এটা নতুন করে ভাবনায় এনেছেন উজিরপুরের ইউএনও।

 

ইউএনও জানান, পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে অনিক সরদারকে সংশোধনের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সহায়তায় রিহ্যাবে পাঠানো হয়েছে। সেখানে তিনি টানা তিন মাস চিকিৎসা গ্রহণ করবেন।

 

এছাড়াও অনিক সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত তার স্ত্রী যাতে কাজ করে স্বাবলম্বী হতে পারেন, সে বিষয়ে সব ধরনের সহযোগিতা করা হবে।

 

অনিকের কন্যাশিশুর পড়াশোনার বিষয়ে ইউএনও মো. আলী সুজা বলেন, ‘ওই শিশু যে স্কুলে পড়াশোনা করে আজ দুপুরে সেখানে আমি নিজে গিয়ে খোঁজখবর নিয়েছি। শিক্ষকদের সঙ্গে কথা বলেছি, তারা শিশুটির পড়াশোনায় বিশেষ নজর রাখবেন। এ ছাড়া তার পড়াশোনা চালিয়ে যেতে সার্বিক সহযোগিতা করব। পাশাপাশি শিশুটির নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হচ্ছে, যাতে ইচ্ছুক যে কেউ সহায়তার হাত বাড়িয়ে দিতে পারেন।’


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal