Advertise top
বরিশাল

শিশুশ্রম বন্ধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না: বিভাগীয় কমিশনার

বরিশাল নিউজ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পিএম    

শিশুশ্রম বন্ধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না: বিভাগীয় কমিশনার
শিশুদের প্রতি সহিংসতা বন্ধ বিষয়ক বিভাগীয় প্রস্তুতিমূলক সভা। ছবি: সংগৃহীত

বরিশাল জেলায় শিশুদের প্রতি সহিংসতা বন্ধ বিষয়ক দ্বিতীয় বৈশ্বিক মন্ত্রী পর্যায়ের সম্মেলন উপলক্ষে বিভাগীয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ ।

 

বিভাগীয় কমিশনার বলেন, শিশুশ্রম বন্ধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, এর পাশাপাশি দরিদ্র পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, ঝরে পড়া শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে কলকারখানা, দোকানপাট, পরিবহনসহ বিভিন্ন কর্মক্ষেত্রে শিশুশ্রমের ব্যবহার বন্ধে নিয়মিত নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আজ মঙ্গলবার বেলা ১১টায় বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি আরও বলেন, কোনো অবস্থাতেই শিশুদের ওপর অমানবিক আচরণ কাম্য নয়। অতিরিক্ত শাসন না করে ভালোবাসার মাধ্যমে শিশুদের সংশোধনের চেষ্টা করতে হবে। কর্মব্যস্ততার পাশাপাশি মা-বাবাকে সন্তানদের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। বিশেষ করে পারিবারিক বন্ধন শক্তিশালী করা জরুরি।

 

সহকারী কমিশনার মো. ইশতিয়াক হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আহসান হাবিব, উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল হান্নান, বিভাগীয় সমাজসেবা অফিসের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মেহেরুন নাহার মুন্নি ও বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চাঁন।

 

এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, শিশু প্রতিবন্ধী কমিটির সদস্য, শিশু ও কিশোর-কিশোরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

সভায় শিশুদের প্রতি সহিংসতা নিরসনের ওপর ইউনিসেফ বাংলাদেশের বরিশাল ও খুলনা অঞ্চলের প্রধান মোহাম্মদ কাওসার হোসেন ডকুমেন্টারি প্রদর্শন করেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal