Advertise top
অর্থনীতি

চাঁদাবাজি ও হামলা; বরিশালে পাইকারী কাঁচা বাজারে ধর্মঘট

বরিশাল নিউজ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম       

চাঁদাবাজি ও হামলা; বরিশালে পাইকারী কাঁচা বাজারে ধর্মঘট
ধর্মঘটে সবজি শুন্য বরিশাল পাইকারি কাঁচা বাজার। ছবি: বরিশাল নিউজ

চাঁদাবাজি এবং আড়তদারের ওপর হামলার প্রতিবাদে বরিশাল নগরীর বৃহত্তর পাইকারী কাঁচাজারে আজ  মঙ্গলবার ছিল ধর্মঘট। আগামীকালও সবজিসহ কাঁচা বাজার বন্ধ থাকবে বলেছেন ব্যবসায়ীরা।

 

এই সন্ত্রাসী হামলা এবং চাঁদাবাজির প্রতিবাদে গত কয়েকদিন মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর তিন দাবিতে স্মারকলিপি প্রদান করেন। তাতেও কাজ না হওয়ায় গতকাল সোমবার রাতে সাত জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন এবং আজ সকাল থেকে পাইকারী এ কাচা বাজারটি বন্ধ রাখেন ব্যবসায়ীরা।

 

 চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ীরা

বহুমুখী সিটি পাইকারী কাঁচা বাজারের ব্যবসায়ী মো. শাহ আলম মিয়া জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তারা চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ। চাঁদাবাজির প্রতিবাদ করায় আড়তদার এবং কর্মচারীদের ওপর গত রবিবার হামলা করে বহিরাগতরা।

 

তিনি জানান, আড়াত থেকে কাঁচামাল কিনে পাশেই রাস্তা দখল করে বিক্রির ব্যবস্থা করেন কিছু ফড়িয়া। এ কারণে বাজার কার্যক্রম পরিচালনায় বিশৃঙ্খলা এবং ভোগান্তি হচ্ছে।

 

তিনি অভিযোগ করে বলেন, রাস্তা দখল করে ব্যবসা করা ফড়িয়াদের কাছ থেকে নিয়মিত চাঁদা তোলেন স্থানীয় ভাটারখাল এলাকার বাসিন্দা মামুন ও তার ছেলে মুন্না। এ নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। রবিবার সকালে কাঁচা বাজারের ফড়িয়াদের রাস্তা ছেড়ে দিতে বললে ক্ষুব্ধ হন মামুন ও মুন্না। সকাল ১১টার দিকে তারা বহিরাগত নিয়ে এসে বাজারের সবচেয়ে পুরোনো ব্যবসায়ী শাহ আলম বাণিজ্যালয়ের মালিক শাহ আলম মিয়ার ওপর হামলা করে। তাকে মারধর করা হয়।

 

প্রতিবাদে দুপুরের দিকে কাঁচা বাজারের আড়তদাররা তাদের ব্যবসায়ীক কার্যক্রম বন্ধ করে বাজারে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করেন। এসময় তারা ব্যবসায়ীদের ওপর হামলাকারীদের বিচারসহ বাজারে চাঁদাবাজি বন্ধের দাবি জানান। নতুবা আগামী ২২ সেপ্টেম্বর থেকে কাঁচা বাজারে লাগাতার ধর্মঘটের আল্টিমেটাম দেন ব্যবসায়ীরা।

 

সেই আল্টিমেটাম অনুযায়ী আজ  মঙ্গলবার সকাল থেকে বাজার বসেনি। এরফলে ভ্রাম্যমান সবজি বিক্রেতাদেরও দেখা মেলেনি নগরীতে। বাজার বন্ধ থাকায় বরিশালের আশেপাশের উপজেলার কাঁচামাল কিনতে আসা খুচরা ব্যবসায়ীরা মালামাল না কিনে ফিরে গেছেন।হোটেলগুলো পড়েছে বেশি বিপাকে।

 

 

ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহারে রাজী

কোতয়ালি মডেল থানার ওসি আল মামুন এর সঙ্গে দুপুরে ব্যবসায়ীদের বৈঠক হয়। সেখানে ওসি আশ্বাস দেওয়ার পর ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহারে রাজী হয়েছেন।তবে যেহেতু আজ পণ্যের অর্ডার দিলেও পাওয়া যাবে আগামীকাল বুধবার রাতে, তাই বুধবারও বাজার বসবে না। বৃহস্পতিবার বসবে কাঁচা ববাজার।   

 

ব্যবসায়ীরা জানিয়েছেন, অভিযুক্ত মামুন বেপারি বরিশাল সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। একটা অংশ আমার দলের পদ পদবিটা খাওয়ার চেষ্টা করছে।’

 

মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু বলেন, কাঁচা বাজারের ব্যবসায়ীদের অভিযোগ সম্পর্কে কেউ আমাকে জানায়নি। অভিযোগের সত্যতা থাকলে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal