Advertise top
অর্থনীতি

জ্বালানি তেলের দাম; বিশ্ববাজারে কমেছে, দেশে বেড়েছে

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম       

জ্বালানি তেলের দাম; বিশ্ববাজারে কমেছে, দেশে বেড়েছে
জ্বালানি তেল সরবরাহ। প্রতীকী ছবি

সৌদি তেলের আংশিক রপ্তানি পুনর্বহালের খবরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এদিকে দেশে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।

 

রয়টার্স সংবাদ সংস্থার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে সোমবার,২১ সেপ্টেম্বর সকালে ব্রেন্ট ক্রুড ফিউচারস এবং মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ১০ সেপ্টেম্বরের পর সবচেয়ে কম রেকর্ড করা হয়। ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ২ দশমিক ১৬ ডলার বা ২ দশমিক ০৮ শতাংশ কমে ১০১ দশমিক ৭১ ডলারে দাঁড়ায়।

 

একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেলে ২ দশমিক ১৫ ডলার বা ২ দশমিক ১৪ শতাংশ হ্রাস পেয়ে ৯৮ দশমিক ১৫ ডলারে নেমে আসে।

 

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ প্রশমনে চলতি সপ্তাহে একটি কূটনৈতিক পথ উন্মোচনের আশায় তেলের বাজার থেকে ঝুঁকিজনিত অতিরিক্ত মূল্যের একটি অংশ হ্রাস পাচ্ছে। তবে এই আশা বাস্তবায়িত হবে কি না তা সময়ের ওপর নির্ভর করছে বলে তিনি উল্লেখ করেন।

 

 

বাংলাদেশে লিটারে বাড়ল ২০ টাকা

এদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ রবিবার, ২০ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে তেলের দাম বাড়িয়েছে। নতুন দাম  আজ সোমবার, ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

 

এরফলে যে দামে বিক্রি হবে জ্বালানি তেল

ডিজেল: ১৩৫ টাকা প্রতি লিটার

কেরোসিন: ১৫৫ টাকা প্রতি লিটার

পেট্রোল: ১৬০ টাকা প্রতি লিটার

অকটেন: ১৬৫ টাকা প্রতি লিটার

এর আগে সেপ্টেম্বর মাসে ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা লিটারে বিক্রি হয়েছে।

 

জ্বালানি বিভাগ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে গত মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে দেশে সে অনুযায়ী দাম সমন্বয় করা হয়নি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

বিভাগের তথ্য অনুযায়ী, গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান করেছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal