বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ এএম

সায়মা ওয়াজেদ পুতুলকে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সভাপতিমণ্ডলীর সদস্য করার মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে বলে ঢাকার একটি গণমাধ্যম খবর প্রকাশ করেছে।
দলের সভাপতি হওয়ার যোগ্য এমন ব্যক্তিদেরই এ পর্ষদে স্থান দেওয়া হয়।
যদিও স্বাধীনভাবে এ তথ্য বরিশাল নিউজ ডটকম যাচাই করতে পারেনি। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পর দল পুনর্গঠনের কাজে হাত দিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, এমন ইঙ্গিত আওয়ামী লীগ সংশ্লিষ্টদের অনলাইন লেখাখেখিতে বোঝা গিয়েছিল।
দলটির শীর্ষস্থানীয় কয়েকজন নেতার বরাতে ঢাকার একটি গণমাধ্যম জানিয়েছে, চলতি মাসের মধ্যেই এই মনোনয়ন চূড়ান্ত হতে পারে।
পুতুলের পাশাপাশি চট্টগ্রাম ও বরিশাল বিভাগের একজন করে নেতাকেও সভাপতিমণ্ডলীতে অন্তর্ভুক্ত করার বিষয়ে দলের ভেতরে আলোচনা চলছে। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী, কাউন্সিল বা কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্তের ভিত্তিতে দলের সভাপতিই এই পদে মনোনয়ন দিয়ে থাকেন।
দিল্লিতে বৈঠক, তবে ভার্চ্যুয়ালি
এই প্রক্রিয়ার অংশ হিসেবে শুক্রবার ভারতের নয়াদিল্লিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একটি বৈঠক ডাকা হয়। তবে এই বৈঠকেই সবকিছু চূড়ান্ত হচ্ছে না। একাধিক নেতার ভাষ্য অনুযায়ী, দলীয় সভাপতি হিসেবে পুতুলের মনোনয়নের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব শেখ হাসিনার ওপরই থাকছে, এবং তিনি আগামী ২২ সেপ্টেম্বর পরিবারের সদস্য ও দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেন।
সশরীরে বৈঠক আয়োজনের পরিকল্পনা থাকলেও তা শেষ মুহূর্তে পাল্টে যায়। কমিটির সব সদস্য তখন ভারতে অবস্থান করছিলেন না, আবার বৈঠকের খবরে বিভিন্ন প্রদেশ থেকে বেশ কয়েকজন নেতা ইতিমধ্যে দিল্লিতে পৌঁছে যান। এর মধ্যে দেশটিতে মৌসুমি ইনফ্লুয়েঞ্জা ছড়িয়ে পড়ার বিষয়টিও সতর্কতার কারণ হয়ে দাঁড়ায়। বৃহস্পতিবার সন্ধ্যায় সিদ্ধান্ত হয়, বৈঠকটি ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি গণমাধ্যমকে দিল্লিতে নেতাদের পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেন। দিল্লিতে অবস্থানরত নেতাদের মধ্যে রয়েছেন সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও এ এইচ এম খায়রুজ্জামান লিটন; যুগ্ম-সাধারণ সম্পাদকদের মধ্যে মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এস এম কামাল হোসেন, মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল ও সুজিত রায় নন্দী।
এ ছাড়া অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক ওয়াসেকা আয়েশা খান, আইনবিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল দিল্লিতে উপস্থিত রয়েছেন।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চোখের অস্ত্রোপচারের কারণে, প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম কোমরের ব্যথাজনিত কারণে এবং কেন্দ্রীয় কমিটির সদস্য হাসনাত আব্দুল্লাহ মুম্বাইয়ে চিকিৎসাধীন থাকায় দিল্লি সফরে যাননি বলে জানা গেছে।
কেন্দ্রীয় কমিটির অপর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় থাকায় দিল্লিতে আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে প্রকাশ্যে কিছু না জানানোর নির্দেশনা রয়েছে। এতে কৌশলগত বিবেচনাও থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন।
উত্তরসূরি নিয়ে দীর্ঘদিনের আলোচনা
শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থাতেই তার উত্তরসূরি কে হবেন, তা নিয়ে দলের ভেতরে আলোচনা ছিল বলে জানা যায়। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর তিনি বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান। পুতুল সে সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাকরিতে নয়াদিল্লিতে কর্মরত ছিলেন, তবে বর্তমানে তিনি ওই পদে নেই।
শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি কারাগারে গেলে দলের নেতৃত্ব কার হাতে থাকবে, তা নিয়েও দলের অভ্যন্তরে আলোচনা রয়েছে। দলীয় নেতাদের ভাষ্য অনুযায়ী, এমন প্রেক্ষাপটেই আওয়ামী লীগ পুনর্গঠন ও পুতুলের রাজনীতিতে যুক্ত হওয়ার বিষয়টি সামনে আসে, এবং মূলত এ কারণেই তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাকরি ছাড়েন বলে নেতারা জানিয়েছেন।
সূত্র: টাইমস অব বাংলাদেশ
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন