বরিশাল নিউজ
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম

বরিশালের বাবুগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে 'দশমিনা এক্সপ্রেস' নামের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের পুকুরে উল্টে পড়েছে। বাসে থাকা ২০- ২৫ জন যাত্রী ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানালা ভেঙে যাত্রীদের নিরাপদে বাইরে বের করে আনেন।
আজ রবিবার,১৩ সেপ্টেম্বর সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের ছয়মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন । পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে অংশ নেন।
দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে কয়েকজন সামান্য আঘাত পান। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, ঘটনার পরপরই সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং পরবর্তীতে রেকারের সাহায্যে পুকুর থেকে বাসটি তুলে আনা হয়। উদ্ধার অভিযান চলার সময় সড়কে প্রায় একঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, সংবাদ পাওয়ার সাথে সাথেই দুর্ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়। এতে বড় কোনো হতাহত কিংবা প্রাণহানির ঘটনা ঘটেনি। প্রাথমিক ধারণা করা হচ্ছে ব্রেক ফেল করার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন