বরিশাল নিউজ, পটুয়াখালী
প্রকাশ : ৩১ আগষ্ট ২০২৬, ০৮:২৫ পিএম

পটুয়াখালীর বাউফলে আশঙ্কাজনকভাবে কমে গেছে নারিকেলের ফলন। কৃষিবিদদের বক্তব্য জলবায়ূর বিরুপ প্রভাব, অতিমাত্রায় রোগবালাই এবং সঠিক পরিচর্যার অভাবেই নারিকেল উৎপাদন কমে যাচ্ছে।
স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা যায়, পটুয়াখালীর এই উপকূলীয় অঞ্চল একসময় নারিকেলের জন্য সুপরিচিত ছিল। বসতবাড়ির আঙিনা থেকে শুরু করে বাণিজ্যিক বাগান-সবখানেই সারি সারি গাছে ঝুলত ডাব ও নারিকেল। যা স্থানীয় চাহিদা মিটিয়ে পাঠানো হতো রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে। অথচ গত কয়েক বছরে এ অঞ্চলে নারিকেলের ফলন কমে গেছে প্রায় ৭০ শতাংশ। বর্তমানে অধিকাংশ গাছই ফলশূন্য হয়ে পড়েছে, যার ফলে চরম হতাশায় দিন কাটাচ্ছেন চাষিরা।
উপজেলার শৌলা গ্রামের ‘নুরজাহান গার্ডেন’ দেখভালের দায়িত্বে থাকা মো. খবির হোসেন বলেন, এই বাগানে বিভিন্ন প্রজাতির প্রায় ৭০০ নারিকেল গাছ রয়েছে। তবে কয়েক বছর ধরে এসব গাছে ফলন এক প্রকার বন্ধ বললেই চলে।
চর কালাইয়া গ্রামের কৃষক মো. রফিক প্যাদা বলেন, তার বাড়িতে ১০-১২টি গাছ থেকে একসময় ভালো আয় হলেও এখন ফুল আসার পর তা ঝরে যাচ্ছে ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিলন মিয়া বলেন, জলবায়ুর প্রতিকূল পরিবর্তনের ফলে ‘হোয়াইট ফ্লাই’ বা সাদা মাছিসহ বিভিন্ন ক্ষতিকর পোকা ও রোগের উপদ্রব মারাত্মকভাবে বেড়েছে। চাষিদের আধুনিক কৃষি ব্যবস্থাপনা গ্রহনের পরামর্শ দিয়ে তিনি বলেন, নিয়মিত পরিচর্যা ও সঠিক সময়ে বালাইনাশক ব্যবহার করলেই আগের মতো ফলন ফিরে পাওয়া সম্ভব।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন