Advertise top
খেলা

আসিয়ান কাপের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষনা

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ আগষ্ট ২০২৬, ১২:০১ এএম    

আসিয়ান কাপের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষনা
ফিফা আসিয়ান কাপের জন্য বাংলাদেশের প্রাথমিক দল।- বাফুফে

ফিফা আসিয়ান কাপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রধান কোচ টমাস ডুলির অধীনে আগামী পরশু থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প।

 

শুধুই বাংলাদেশে খেলেন, এমন ফুটবলারদের নিয়ে আজ মঙ্গলবার, ২৫ আগষ্ট প্রাথমিক এই দল ঘোষনা করা হয়েছে । বিদেশি লিগে খেলা কোনো ফুটবলার এ তালিকায় নেই। 

 

বিদেশি লিগে খেলা খেলোয়াড়েরা পরে ক্যাম্পে যোগ দেবেন বলে জানিয়েছে বাফুফে। সর্বশেষ জাতীয় দলে ছিলেন, এমন খেলোয়াড়দের মধ্যে বর্তমানে বিদেশে খেলছেন হামজা চৌধুরী, শমিত সোম, তারিক কাজী, জায়ান আহমেদ ও ফাহমিদুল ইসলাম।

 

জাতীয় দলের হয়ে এখনো মাঠে নামেননি, ২৮ জনের প্রাথমিক দলে এমন খেলোয়াড় আছেন ৩ জন। দুজন ফরোয়ার্ড—সৌরভ দেওয়ান ও মিনহাজুল করিম ও ডিফেন্ডার আবদুল্লাহ ওমর ।

 

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে প্রথমবারের মতো ইন্দোনেশিয়ায় মাঠে গড়াচ্ছে ফিফা আসিয়ান কাপ। ব্রাজিলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে বলে টুর্নামেন্ট থেকে ভারত নাম প্রত্যাহার করে নেওয়ায় এই টুর্নামেন্টে বাংলাদেশের খেলার সুযোগ এসেছে। ফিফার আমন্ত্রণ পেয়ে সঙ্গে সঙ্গেই সাড়া দিয়েছে বাফুফে।

 

ইন্দোনেশিয়ার জাকার্তায় আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর আসিয়ান কাপের আসর বসবে। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ‘বি’ গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান।

 

কোচ টমাস ডুলিরও বাংলাদেশের হয়ে এটি প্রথম টুর্নামেন্ট।

 

বাংলাদেশের প্রাথমিক দল

গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান, আনিসুর রহমান। ডিফেন্ডার: তপু বর্মণ, শাকিল আহাদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইসা ফয়সাল, মনজুরুর রহমান। মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শেখ মোরছালিন, কাজেম শাহ। ফরোয়ার্ড: রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, মিনহাজুল করিম, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সৌরভ দেওয়ান, রাব্বি হোসেন।

 

সুত্র: বাফুফে ওয়েবসাইট


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal