বরিশাল নিউজ
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০৯:১০ পিএম

দুই মাসের বকেয়া বেতন, ওভারটাইম ভাতা, বার্ষিক ইনক্রিমেন্টসহ আট দফা দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফরচুন সুজ কোম্পানির শ্রমিকরা।
নগরীর ব্যস্ততম নতুন বাজার সড়ক বৃহস্পতিবার বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত তারা অবরোধ করে রাখেন।এতে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হলে পুলিশ তাদের রাস্তার একপাশে সরিয়ে দেয়।
এর আগে দুপুর বারোটা থেকে বিকাল ৪টা পর্যন্ত শ্রমিকরা বরিশাল বিসিক শিল্প নগরীতে কোম্পানির কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
শ্রমিকদের উত্থাপিত আট দফা দাবির মধ্যে রয়েছে- দুই মাসের বকেয়া বেতন দ্রুত পরিশোধ, প্রতি মাসের বেতন সাত কর্মদিবসের মধ্যে প্রদান, বিকেল ৫টার পর কাজ করলে ওভারটাইম ভাতা নিশ্চিত করা, প্রতি শুক্রবার সাপ্তাহিক ছুটি কার্যকর, চলতি বছরের বার্ষিক ইনক্রিমেন্ট বাস্তবায়ন, জেনারেল ম্যানেজারের পদত্যাগ, শ্রমিক পরিবহনের মানোন্নয়ন, কর্মস্থলে হয়রানি বন্ধ এবং নারী শ্রমিকদের জন্য পৃথক পোশাক পরিবর্তনের কক্ষ ও ক্যানটিন চালু করা। দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন ও সড়ক অবরোধ চলবে।
বরিশাল বিসিকে ফরচুন সুজ, এমজে ও প্রিমিয়াম সু কোম্পানির তিনটি কারখানায় প্রায় সাত হাজার শ্রমিক কাজ করেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন