বরিশাল নিউজ, পিরোজপুর
প্রকাশ : ২৪ মে ২০২৬, ১০:১৫ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় রবিবার, ২৪ মে দুই যুবক খুন হয়েছেন। উপজেলার টিকিকাটা ইউনিয়ন এবং ফুলঝুরি গ্রামে এ দুটি পৃথক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন তৈরি পোশাক ব্যবসায়ী আব্দুল কাইয়ুম (৩০) ও মোহাম্মদ ইউসুফ শরীফ (৩৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ধানীসাফা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ফুলজুরি গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মোহাম্মদ ইউসুফ শরীফকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়।
এদিকে, উপজেলার ৬ নম্বর টিকিকাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাজু হাওলাদার বাড়িতে নিজ শোবার ঘর থেকে আব্দুল কাইয়ুম নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় সাধনা ব্রিজ ও বড় ব্রিজ এলাকায় কাপড়ের ব্যবসা করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, কাইয়ুমের স্ত্রী বাবার বাড়িতে থাকায় আজ দুপুরে তিনি ঘরে একাই ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে শোবার ঘরে তাকে কুঠাল দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। তবে এই হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।
মঠবাড়িয়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, ফুলজুরি গ্রামের হত্যাকাণ্ডটি জমিজমা বিরোধের জেরে ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। অন্যদিকে টিকিকাটা ইউনিয়নে কুঠার দিয়ে কুপিয়ে হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন