বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পিএম

আরব আমিরাতের বিপক্ষে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। আইসিসি আজ টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে।
বাংলাদেশ ও আরব আমিরাতের উদ্বোধনী ম্যাচ আগামী বছর বৃহস্পতিবার, ২১ জানুয়ারি সিলেটে অনুষ্ঠিত হবে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও নাইজেরিয়া। সিলেটেই খেলবে তিন ম্যাচ। বাংলাদেশ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শনিবার, ২৩ জানুয়ারি, আর নাইজেরিয়ার বিপক্ষে নামবে সোমবার, ২৫ জানুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে।
টুর্নামেন্টে ১৬ দল চার গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে তিন দল সুপার সিক্সে উঠবে। সুপার সিক্সের দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনাল। সেমিফাইনাল বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি এবং ফাইনাল শনিবার, ৬ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
প্রথম দুই আসরেই সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ। তবে দলটি কখনো সেমিফাইনালে খেলতে পারেনি। প্রথম দুই আসরেই শিরোপা জিতেছে ভারত।
বাংলাদেশ ও নেপালের চারটি ভেন্যুতে ১৬ দিনে মোট ৪১টি ম্যাচ হবে। সিলেট ও চট্টগ্রামে হবে ১২টি করে ম্যাচ। নেপালের মুলপানিতে আটটি এবং কীর্তিপুরে সাতটি ম্যাচ হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন