বরিশাল নিউজ, পিরোজপুর
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পিএম

পিরোজপুরের কালিগঙ্গা নদীতে ট্রলারডুবির তিন দিন পর নিখোঁজ মা রিনা ব্যাপারির মরদেহ (৩৯)উদ্ধার করা হয়েছে। গত সোমবার ট্রলার ডুবিতে তিনি নিখোঁজ হয়েছিলেন।
নাজিরপুর উপজেলার মধুরাবাদ এলাকা থেকে নদীতে ভাসমান অবস্থায় বুধবার, ২১ অক্টোবর সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে একই দুর্ঘটনায় তাঁর মেয়ে শিশু আদ্রিতা বেপারীর (৯) মরদেহ উদ্ধার করা হয়েছিল।
নিহত রিনা বেপারী নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের শংকর বেপারীর স্ত্রী।
ঢাকায় বসবাস করা শংকর বেপারী পূজার ছুটিতে স্ত্রী- কন্যা নিয়ে বাড়ী এসেছিলেন। স্থানীয় ও ফায়ার সার্ভিস জানায়, সোমবার রাত ৯টার দিকে নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় ট্রলারটি কাত হয়ে গেলে যাত্রীরা নদীতে ঝাঁপিয়ে পড়ে পড়েন, পরে সাঁতার কেটে পাড়ে উঠেন। কিন্তু মা রিনা ও মেয়ে আদ্রিতা তলিয়ে যান। শংকর বেপারী স্ত্রী ও সন্তানকে নিয়ে পূজা দেখে ট্রলারে বাড়ী ফিরছিলেন।
ফায়ার সার্ভিস ডুবুরি দলের চেষ্টায় রাত ১১ টা ১০ মিনিটের দিকে মৃত অবস্থায় মেয়েকে উদ্ধার করা হলেও মায়ের খোঁজ মেলেনি। তবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং নৌ বাহিনীর ডুবুরী দলের উদ্ধার অভিযান চালিয়ে গেছেন।
আজ বুধবার সকালে মধুরাবাদ এলাকায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উদ্ধারকারী দল সেই মৃতদেহ উদ্ধার করে। পরে নিহতের দেবর মরদেহ শনাক্ত করেন।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। কারও অবহেলা বা গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। ঘাটের ইজারাদারের অবহেলা প্রমাণিত হলে ইজারা বাতিলসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন