Advertise top
বরিশাল

পিরোজপুরে ট্রলার ডুবে শিশু নিহত, খোঁজ মেলেনি মায়ের

বরিশাল নিউজ, পিরোজপুর

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১১:২৩ পিএম    

পিরোজপুরে ট্রলার ডুবে শিশু নিহত, খোঁজ মেলেনি মায়ের
পিরোজপুরে ট্রলার ডুবি, নিখোঁজ ১

পিরোজপুরে ট্রলার দুর্ঘটনায় এক শিশু প্রাণ হারিয়েছে এবং তার মা নিখোঁজ রয়েছেন।অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

 

নাজিরপুর ও নেছারাবাদ খেয়া পারাপারের সময় ট্রলারটিতে অতিরিক্ত যাত্রী ও ৬ টি মোটরসাইকেল বহনের কারণে দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

 

জানা যায়, সোমবার,১৯ অক্টোবর রাত ৯টার দিকে শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মালামাল নিয়ে কালিগঙ্গা নদী পার হওয়ার সময় তলা ফেটে একপাশে কাত হয়ে যায় এবং ট্রলারে থাকা যাত্রী নদীতে পড়ে যায়। নদীতে পড়ে যাওয়া যাত্রীরা সাঁতরে এবং স্থানীয়দের সহযোগিতায় পাড়ে উঠতে পারলেও শংকর বেপারীর স্ত্রী রিনা ব্যাপারি ও শিশু সন্তান নিখোঁজ হন।

 

রিনা বেপারির বাড়ি নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামে। ঢাকার এক প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী শংকর বেপারি দুর্গাপূজার ছুটিতে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে আসেন। রাতে শ্রীরামকাঠী এলাকা থেকে পূজা দেখে ট্রলারযোগে সপরিবারে বাড়ি ফিরছিলেন তারা।

 

ফায়ার সার্ভিস ডুবুরি দলের চেষ্টায় রাত ১১ টা ১০ মিনিটের দিকে মৃত অবস্থায় মেয়েকে উদ্ধার করা হলেও মায়ের খোঁজ মেলেনি। তবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং নৌ বাহিনীর ডুবুরী দলের উদ্ধার অভিযান চলমান রয়েছে।

 

দুর্ঘটনাকবলিত নাজিরপুরের শ্রীরামকাঠী ও নেছারাবাদের ভরতকাটী খেয়া ঘাট এলাকা আজ মঙ্গলবার,২০ অক্টোবর দুপুরে সরেজমিনে পরিদর্শন করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর।

 

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মো. গোলাম রাব্বানী, পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর কর্মকর্তা এবং নাজিরপুর থানা পুলিশের একটি দল।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal