Advertise top
বরিশাল

মুলাদী থেকে বোমারু জামাল গ্রেপ্তার

বরিশাল নিউজ

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পিএম    

মুলাদী থেকে বোমারু জামাল গ্রেপ্তার
মুলাদী থেকে বোমারু জামাল গ্রেপ্তার। ছবি- বরিশাল নিউজ

বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে জেলে ও খেয়াযাত্রীদের ওপর বোমা হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামি জামাল পালোয়ান ওরফে বোমারু জামালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

উপজেলার সফিপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে নিজ বাড়ি থেকে আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।গত রবিবার রাত ৮টার দিকে বোমা হামলার ঘটনা ঘটে।

 

পুলিশ সূত্রে জানা গেছে,সফিপুর ইউনিয়নের নোমরহাট খেয়াঘাটের উত্তর পাড়ে জয়ন্তী নদীতে ৩২ থেকে ৩৫টি হাতবোমার বিস্ফোরণ হয়। এতে ট্রলারচালক, জেলে ও খেয়াযাত্রীসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হন এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

এ ঘটনায় আহত জেলে জহিরুল ইসলামের মা মমতাজ বেগম জামাল পালোয়ানসহ চার জনের নাম উল্লেখ করে গতকাল সোমবার মুলাদী থানায় মামলা করেন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও  ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

 

 

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো.সোহেল রানা সাংবাদিকদের বলেন, আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে জামাল পালোয়ান বাড়িতে প্রবেশ করেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সকাল ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো বলেন, জামাল পালোয়ান এলাকায় বোমা তৈরির কারিগর হিসেবে ‘বোমারু জামাল’নামে পরিচিত। গত রবিবার রাতের হামলার ঘটনায় তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে আলাদা মামলা হয়েছে।

 

বরিশাল নিউজ সংবাদদাতা জানান, জামালের বিরুদ্ধে আগে দস্যুতা ও মাদক আইনে ৬টি মামলা রয়েছে। গ্রেপ্তার জামালকে আজ আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal