Advertise top
আদালত-অপরাধ

ল্যাপটপে রোগ নির্ণয়, ভুয়া চিকিৎসকের জরিমানা

বরিশাল নিউজ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পিএম    

ল্যাপটপে রোগ নির্ণয়, ভুয়া চিকিৎসকের জরিমানা
বাবুগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। বরিশাল নিউজ ডটকম

বৈধ সনদ দেখাতে না পারায় বরিশালের বাবুগঞ্জে এক ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রায় ১৫ বছর ধরে তিনি রোগী দেখছিলেন।

 

ভ্রাম্যমাণ আদালত রবিবার, ১৮ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে বাবুগঞ্জের কলেজ গেট এলাকার এনএমএস ফার্মেসিতে অভিযান চালায়। অভিযানে আলীমুল ইসলাম (৪৮) বৈধ সনদ দেখাতে ব্যর্থ হন। উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তার কাগজপত্র যাচাই করে ভুয়া শনাক্ত করেন। আদালত তার ব্যবহৃত ডিভাইস ও কাগজপত্র জব্দ করে।

 

প্রশাসনের ভাষ্য, ল্যাপটপ ও বিশেষ ডিভাইসে রোগ নির্ণয়ের দাবি করে তিনি বরিশাল সদর, উজিরপুর ও বাবুগঞ্জে রোগী দেখতেন। ব্যবস্থাপত্রে নামের আগে লিখতেন ‘ডা.’। সেখানে এমবিইএইচ (ভারত), ডিএমএফ (ঢাকা) এবং কলকাতার একটি মেডিকেল কলেজে প্রশিক্ষণের কথাও উল্লেখ ছিল।

 

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা জানান, অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। আলীমুল প্রায় ১৫ বছর এভাবে চিকিৎসা দেওয়ার কথা স্বীকার করেছেন। প্রথমবার হওয়ায় তাকে জরিমানা করা হয়। ভবিষ্যতে চিকিৎসা কার্যক্রমে না জড়ানোর শর্তে তিনি কারাদণ্ড থেকে অব্যাহতি পান।

 

চোখের সমস্যা ও মাথাব্যথার চিকিৎসা নিতে সালেহা বেগম এক দালালের মাধ্যমে তার কাছে যান। পরে তিনি জানতে পারেন, ওই ব্যক্তির যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আলীমুল উজিরপুরের বাহেরঘাট এলাকার আব্দুল আলী হাওলাদারের ছেলে।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal