বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পিএম

দাবায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় বরিশালের জান্নাতুল প্রীতিকে সম্মাননা দিয়েছে বিভাগীয় ও জেলা প্রশাসন।
বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রীতিকে ক্রেস্ট দেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ ও জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। প্রীতির মা-বাবাকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
প্রীতি বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এ দাবায় চ্যাম্পিয়ন হয়েছে।
বিভাগীয় কমিশনার বলেন, জাতীয় পর্যায়ে এ সাফল্য বরিশালবাসীর জন্য আনন্দ ও গর্বের। তিনি উল্লেখ করেন, মেধা, মনোযোগ, ধৈর্য ও পরিশ্রমের জোরেই প্রীতি এ অর্জন করেছে। তার সাফল্য অন্য শিক্ষার্থীদেরও খেলাধুলায় আসতে উৎসাহ দেবে বলে মনে করেন তিনি।
জেলা প্রশাসক বলেন, দাবা বুদ্ধিবৃত্তিক খেলা। এটি শিক্ষার্থীদের চিন্তাশক্তি, বিশ্লেষণী ক্ষমতা, ধৈর্য ও সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বাড়ায়। প্রীতির সাফল্য নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রীতি যেন এ ধারাবাহিকতা ধরে রাখতে পারে, সে কামনাও করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন