বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পিএম

অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে কাতারে গ্রেফতার হয়েছেন বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান। ইন্টারপোলের অনুরোধে তাকে ধরা হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা সাংবাদিকদের জানান, ইন্টারপোলের মাধ্যমে পাঠানো অনুরোধের পরিপ্রেক্ষিতে সম্প্রতি হান্নানকে গ্রেফতার করা হয়েছে। এয়ার চিফ মার্শাল হান্নান ২০২১ সালের ১২ জুন থেকে ২০২৪ সালের ১১ জুন পর্যন্ত বিমান বাহিনীর প্রধানের দায়িত্বে ছিলেন।
দুদকের মামলার অভিযোগ অনুযায়ী, ওই সময় ক্ষমতার অপব্যবহার করে তিনি ও তার পরিবারের সদস্যরা বিপুল সম্পদ অর্জন করেন। এসব অভিযোগে দুদক ২০২৫ সালের ২৭ জুলাই দুটি আলাদা মামলা করে।
তখন সংস্থাটি জানায়, হান্নানের জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় তিন কোটি ২৮ লাখ টাকার সম্পদের সন্ধান মিলেছে। এ ছাড়া তার নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবে প্রায় ২৭ কোটি ৬৩ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগও রয়েছে।
অনুসন্ধান চলার মধ্যেই আদালত ২০২৫ সালের ৫ মে হান্নান এবং তার স্ত্রী-সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন। পরে তাদের জমি, বাড়ি ও তিনটি ফ্ল্যাট জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়। কাতারে থাকা হান্নানকে ইন্টারপোলের সহায়তায় গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিল দুদক।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন