বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পিএম

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রামীণ কল্যাণের বকেয়া কর আদায়ের নির্দেশ আপাতত স্থগিত হয়েছে। দাবি ৬৬৬ কোটি টাকা।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক রবিবার, ১৮ অক্টোবর এ আদেশ দেন। গ্রামীণ কল্যাণের করা দুটি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) তার আদালতে শুনানির জন্য ওঠে। রাষ্ট্রপক্ষের তথ্যমতে, পাঁচটি করবর্ষের জন্য প্রতিষ্ঠানটির কাছে ৬৬৬ কোটি টাকার কর দাবি রয়েছে।
হাইকোর্ট গত ১০ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির দুটি রিট খারিজ করে রায় দেন। রিটে ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষের কর দাবিতে কর কমিশনারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছিল। পূর্ণাঙ্গ রায় ১২ অক্টোবর প্রকাশিত হয়। এতে বকেয়া কর আদায়ের পদক্ষেপ নিতে ঢাকার সংশ্লিষ্ট কর কমিশনারসহ বিবাদীদের নির্দেশ দেওয়া হয়।
চেম্বার আদালত দুটি রায়ের ওই নির্দেশনা অংশই স্থগিত করেছেন। গ্রামীণ কল্যাণের আইনজীবী আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে জানান, আপাতত বকেয়া অর্থ আদায়ে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসানও প্রথম আলোকে স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন।
লিভ টু আপিল দুটির শুনানি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আগামী ১৩ ডিসেম্বর হবে। আইনজীবী মামুন জানান, ওই শুনানির মধ্য দিয়ে বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
সংশ্লিষ্ট আইনজীবীদের সূত্রে জানা গেছে, গ্রামীণ টেলিকমের সঙ্গে চুক্তির আওতায় গ্রামীণ কল্যাণ লভ্যাংশের মুনাফার ৪২ দশমিক ৬৫ শতাংশ পায়। কর কর্তৃপক্ষ ওই অর্থকে লভ্যাংশ না ধরে "অন্যান্য উৎস থেকে আয়" হিসেবে বিবেচনা করছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চেয়ারম্যান ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন