Advertise top
ভোলা

ভোলায় বিএনপি নেতা ছুরিকাহত, মারধরে যুবকের মৃত্যু

বরিশাল নিউজ, ভোলা

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১০ পিএম       

ভোলায় বিএনপি নেতা ছুরিকাহত, মারধরে যুবকের মৃত্যু
ছবি : বরিশালনিউজ ডটকম গ্রাফিক্স

ভোলায় এক সালিসে ওয়ার্ড বিএনপির সভাপতি ছুরিকাঘাতে আহত হওয়ার জের ধরে দলবেঁধে মারধর করায় মারা গেছেন মো. আসিফ (২৫)। অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।

 

সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের আনন্দবাজারে শনিবার, ১৭ অক্টোবর সন্ধ্যায়  সালিসটি বসেছিল। সেখানে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হোসেন হাওলাদার ওরফে হোসেন ম্যানেজার (৫৫) ছুরিকাঘাতে আহত হন।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সালিসে হোসেনকে কথা বলতে দেখে আসিফ কথা-কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান আসিফ।

 

স্থানীয়রা জানান, দুজনের বিরোধ আগে থেকেই ছিল। কয়েক দিন আগে আসিফকে পুলিশের হাতে তুলে দেন হোসেন। পরে একটি রাজনৈতিক মামলায় কারাগারে যান হোসেন। সম্প্রতি দুজনই জামিনে মুক্তি পান।

 

আহত হোসেনকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হয়ে ঢাকায় পাঠানো হয়। একই সময় এলাকায় তার মৃত্যুর গুজব ছড়ায়। এরপর কিছু লোকজন আসিফকে ওই গুজবের ভিত্তিতে  দলবেঁধে মারধর করেন।

 

পুলিশ আসিফকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত পুলিশ সদস্য মোহাম্মদ মামুন জানান, হোসেনকে রাত পৌনে আটটার দিকে এবং আসিফকে পৌনে ৯টার দিকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় আসিফ রবিবার, ১৮ অক্টোবর ভোরে মারা যান।

 

আসিফ একই এলাকার দুলু মিয়ার ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। রাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহজাহান ব্যাপারী জানান, আসিফ দলের কর্মী ছিলেন, তবে কোনো পদে ছিলেন না।

 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, প্রাথমিক তথ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে আসিফ ছুরিকাঘাত করেন। পরে তাকে মারধর করা হয়। ঘটনার তদন্ত চলছে। এখনো কোনো মামলা হয়নি। লাশ নিতে কেউ আসেননি। সুরতহাল ও ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal