বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পিএম

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অস্ত্র হাতে অভিযান নিয়ে সমালোচনা ওঠায় তদন্ত শুরু হয়েছে। দায়িত্বে ডিএমপির ওয়ারীর উপকমিশনার।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে রবিবার, ১৮ অক্টোবর দুপুরে সংবাদ সম্মেলন হয়। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম তদন্তের কথা জানান। তদন্তে আইনের ব্যত্যয় পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
ঘটনাটি ঘটে শনিবার, ১৭ অক্টোবর বিকালে রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশনসংলগ্ন দয়াগঞ্জ গুমটিঘর রেলগেট এলাকায়। প্রতিমন্ত্রীর ফেসবুক পেজে অভিযানের ভিডিও প্রকাশের পর তা ছড়িয়ে পড়ে।
ভিডিওতে প্রতিমন্ত্রীর হাতে পিস্তল দেখা যায়। কিছু অংশে সেটি অস্পষ্ট করা হলেও অন্য অংশে স্পষ্ট। আরও দুজনের হাতেও আগ্নেয়াস্ত্র দেখা গেছে। একজন দেহরক্ষীকে এক তরুণকে লাথি দিতেও দেখা যায়।
ইশরাক হোসেন জানান, অস্ত্রটি বৈধ। তিনি বলেন, ২০২৫ সালের ১২ ডিসেম্বর শরিফ ওসমান হাদীকে গুলি করার পর অস্ত্রটি নিয়েছেন। তখন হলফনামায় তা দেখানোর সুযোগ ছিল না।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল শিকদার জানান, স্থানীয়দের বারবার অভিযোগের পর প্রতিমন্ত্রী সেখানে যান। পুলিশকে জানানো হলেও তারা পৌঁছাতে দেরি করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৫ সালের নীতিমালার ২৫ অনুচ্ছেদ অনুযায়ী বৈধ অস্ত্র আত্মরক্ষায় বহন করা যায়। তবে অন্যের ভীতি বা বিরক্তি উদ্রেক করে তা প্রদর্শন করা যায় না।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন