বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পিএম

ডেঙ্গুর ঝুঁকি কমাতে বিএনসিসি ও স্কাউট সদস্যদের পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজধানীর মিরপুর বাংলা কলেজে বিএনসিসি ও স্কাউট সদস্যদের সামনে শনিবার, ১৭ অক্টোবর কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছর ডেঙ্গুতে বহু মানুষ আক্রান্ত হন, অনেকে মারাও যান। মশার প্রজননস্থল নষ্ট করা ও আশপাশ পরিচ্ছন্ন রাখা এর কার্যকর উপায়। নভেম্বর পর্যন্ত সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমে সরকার জোর দিচ্ছে বলেও জানান তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘কেউ রাস্তায় ময়লা ফেললে তাকে বোঝানোর চেষ্টা করবে।’ তিনি আরও বলেন, ‘তোমরা শুধু নিজের জন্য নয়, সবার স্বার্থে কাজ করছো।’ রাস্তা, খাল, নদী ও জলাশয়ে আবর্জনা ফেলা বন্ধের আহ্বানও জানান প্রধানমন্ত্রী।
ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা প্রায়ই ওপরের দিকে থাকে বলে তিনি উল্লেখ করেন। এর প্রতিকারে বেশি গাছ লাগানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, তার বাবার নামে প্রতিষ্ঠিত একটি সংগঠন ২০০৪-০৫ সালের দিকে ঢাকায় প্রায় ৮০ হাজার নিমগাছের চারা লাগিয়েছিল। শিক্ষার্থীদের তিনি বলেন, ‘এখন তোমাদের আমাকে ছাড়িয়ে যেতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন