Advertise top
খেলা

মালয়েশিয়া-বাংলাদেশ ম্যাচ দিয়ে আসিয়ান কাপ শুরু ২৫ সেপ্টেম্বর

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ এএম    

মালয়েশিয়া-বাংলাদেশ ম্যাচ দিয়ে আসিয়ান কাপ শুরু ২৫ সেপ্টেম্বর
গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে সবকটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার বিপক্ষে শুক্রবার, ২৫ সেপ্টেম্বর আসিয়ান কাপ অভিযান শুরু করছে বাংলাদেশ। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বিকাল তিনটায় শুরু হবে ম্যাচ।

 

ফিফার নতুন এই প্রতিযোগিতায় "এ" গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। গ্রুপ পর্বের সূচি চূড়ান্ত হওয়ার পর দেখা যায় বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ মালয়েশিয়া। এরপর সিঙ্গাপুরের বিপক্ষে দলটি খেলবে সোমবার, ২৮ সেপ্টেম্বর একই সময়ে।

 

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার, ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টায় স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে জাকার্তার একই ভেন্যুতে।

 

ফিফার সবশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৮১তম, যেখানে প্রথম প্রতিপক্ষ মালয়েশিয়া আছে ১৩৬তম স্থানে। গ্রুপে সবচেয়ে এগিয়ে থাকা দল স্বাগতিক ইন্দোনেশিয়া, যাদের অবস্থান ১১৮তম। সিঙ্গাপুর আছে ১৪৮তম স্থানে। র‍্যাঙ্কিংয়ের বিচারে গ্রুপের সবচেয়ে কম শক্তিশালী দল হিসেবেই মাঠে নামছে বাংলাদেশ।

 

ভারত ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচের সূচি থাকায় আসিয়ান কাপ থেকে সরে দাঁড়ালে তাদের জায়গায় আমন্ত্রণ পায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগস্টেই সেই আমন্ত্রণ গ্রহণ করে বাফুফে। কোচ টমাস ডুলির অধীনে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে দল। প্রাথমিকভাবে ২৮ সদস্যের একটি দল নিয়ে অনুশীলন করছেন ডুলি।

 

ফিফার নিয়ম অনুযায়ী এই টুর্নামেন্টে শুধু গ্রুপ চ্যাম্পিয়নরাই সরাসরি ফাইনালে ওঠার সুযোগ পাবে। রানার্সআপ দলগুলো লড়বে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। ইন্দোনেশিয়ায় হচ্ছে আসিয়ান কাপের মূল পর্ব বা প্রিমিয়ার ডিভিশন, আর হংকংয়ে অনুষ্ঠিত হচ্ছে চ্যালেঞ্জ ডিভিশন। প্রিমিয়ার ডিভিশনের চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পাবে দশ লাখ মার্কিন ডলার।

 

ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে অনুষ্ঠিত হওয়ায় এই প্রতিযোগিতায় ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে বাধ্য থাকে, যা এতদিনের আসিয়ান চ্যাম্পিয়নশিপে ছিল না। প্রথমবারের মতো এমন একটি বড় আসরে সুযোগ পাওয়াকে বাংলাদেশ ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal