বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পিএম আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পিএম

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)জানিয়েছে, দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছিল।অর্থাৎ জুলাই মাসের মূল্যস্ফীতি ৮ দশমিক ৩২ থেকে আগস্টে কমে দাড়ায় ৮ দশমিক ২৬ শতাংশ। খাদ্যপণ্যের দাম কমায় মূল্যস্ফীতি ০.৬ পয়েন্ট কমেছিল বলা হয়েছে প্রতিবেদনে।
আজ সোমবার,৭ সেপ্টেম্বর প্রকাশিত বিবিএস এর সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, আগস্টে সার্বিক মূল্যস্ফীতি কমার পেছনে মূল ভূমিকা রেখেছে খাদ্যপণ্যের দাম। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ০২ শতাংশে দাঁড়িয়েছে, যা জুলাইয়ে ছিল ৭ দশমিক ১৬ শতাংশ।
অন্যদিকে, খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার মূল্যস্ফীতি আগস্টে কিছুটা বেড়ে ৯ দশমিক ৩২ শতাংশে দাঁড়িয়েছে। জুলাইয়ে এ হার ছিল ৯ দশমিক ২৮ শতাংশ।
বিবিএসের হিসাবে, আগস্টে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৩১ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ। এ সময়ে গ্রামে খাদ্য মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ০১ শতাংশে দাঁড়িয়েছে। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ৫৯ শতাংশ।
শহরাঞ্চলে আগস্টে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২০ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ২৪ শতাংশ। এ সময়ে শহরে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ০৪ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৯৭ শতাংশ।
এদিকে, মূল্যস্ফীতি কমার পাশাপাশি জাতীয় পর্যায়ে মজুরি বৃদ্ধির হারও কিছুটা কমেছে। আগস্টে জাতীয় পর্যায়ে মজুরি হার সূচকের পয়েন্ট-টু-পয়েন্ট প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ০৫ শতাংশ। জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ২২ শতাংশ এবং গত বছরের আগস্টে ছিল ৮ দশমিক ১৫ শতাংশ।
আগস্টে কৃষি খাতে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০৭ শতাংশ, শিল্প খাতে ৭ দশমিক ৯৭ শতাংশ এবং সেবা খাতে ৮ দশমিক ২৫ শতাংশ। তিন খাতের মধ্যে সেবা খাতেই মজুরি বৃদ্ধির হার সবচেয়ে বেশি ছিল।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন