Advertise top
রাজনীতি

স্বৈরাচারের মধ্যে গুপ্তরা লুকিয়ে ছিলো- প্রধানমন্ত্রী

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম    

স্বৈরাচারের মধ্যে গুপ্তরা লুকিয়ে ছিলো- প্রধানমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সভা। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী ও বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘স্বৈরাচারের সময় যেমন গুপ্তরা লুকিয়ে ছিলো, এখন কি সেই গুপ্তদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে আছে, কে কাকে গুপ্ত করার দায়িত্ব নিয়েছে তা জনগণের সামনে উন্মুক্ত করা দরকার। গুপ্তরা তাহলে কি স্বৈরাচারকে সুযোগ দিচ্ছে? ৭১ থেকে শুরু করে নানা সময়ে তারা একজন আরেকজনকে গুপ্ত বা আড়াল করে দিয়েছে।’

 

বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আজ শনিবার, পাঁচ সেপ্টেম্বর বিকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি লুকিয়ে বা গুপ্তভাবে কিছু করেনি, জনগণের অধিকার আদায়ে বিএনপি সর্বদা রাজপথে ছিলো। দেশে, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য যতগুলো নির্বাচন হয়েছে ততবারই বিএনপি সরকার গঠন করেছে।’

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘এ মুহূর্তে দেশে বড় সমস্যা জ্বালানির সমস্যা। সমস্যা সমাধানে কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাস্তবায়ন হতে কিছু সময় লাগবে। ভবিষ্যতে যেন কোনো সংকট তৈরি না হয় সে ব্যাপারে জোর দেয়া হয়েছে।’

 

তিনি বলেন, ‘স্বৈরাচারই হোক অথবা অন্তর্বর্তী সরকারেরই সৃষ্ট সমস্যা হোক সেগুলো সমাধানের চেষ্টা চলছে। এ সমস্যাকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। কেউ যদি অরাজকতা করতে চায় তাহলে দেশের আইনে বলা আছে তা কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। প্রত্যেকে প্রত্যেকের সীমার মধ্যে থাকা দরকার।’

 

আলোচনার শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের সাবেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

প্রথমে জাতীয় সংগীত এবং পরে দলীয় সংগীত পরিবেশন করা হয়। পরে বিএনপির ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

 

১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। দিবসটি পালনে গত মঙ্গলবার পাঁচদিনের কেন্দ্রীয় কর্মসূচি শুরু হয়। আজকের এই আলোচনা সভার মধ্য দিয়ে তা শেষ হবে।

 

বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

 

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ও মো. ইসমাইল জবিউল্লাহ উপস্থিত রয়েছেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal