বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পিএম

বাংলাদেশ আরো ‘রেড বল ক্রিকেট ডিজার্ব করে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোর সাথে তাদের আরো টেস্ট সিরিজ আয়োজন করা উচিত বলে মনে করেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন লেগ-স্পিনার এবং বর্তমানে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
সম্প্রতি বিসিসি ওয়ার্ল্ড সার্ভিসের জনপ্রিয় ক্রিকেট পডকাস্ট 'স্টাম্পড'-এ কথা বলেন তিনি।
পডকাস্টে মুশতাক বাংলাদেশ দলের বর্তমান সাফল্য এবং পাকিস্তান ক্রিকেটের সাম্প্রতিক অস্থিরতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।
অনুষ্ঠানটি মূলত বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস, এবিসি এবং আকাশ বাণীর যৌথ প্রযোজনায় প্রচারিত হয়। উপস্থাপক ছিলেন অ্যালিসন মিচেল। ছিলেন সুনীল গুপ্ত - যিনি নয়াদিল্লি থেকে আকাশ বাণীর প্রতিনিধিত্ব করছিলেন এবং জিম ম্যাক্সওয়েল - যিনি সিডনি থেকে এবিসি -এর হয়ে যুক্ত হয়েছিলেন।
বাংলাদেশ দলের উত্থান ও রেড বল ক্রিকেটের গুরুত্ব
মুশতাক আহমেদ জানান, অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ ড্র করার পেছনে মূল কারণ ছিল দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের দৃঢ় মনোবল এবং লক্ষ্য নির্ধারণ। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের বোলাররা এখন পেস ও স্পিনের সমন্বয়ে বিশ্বের যেকোনো কন্ডিশনে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম।
মুশতাক মনে করেন, বাংলাদেশ দলের এখন আরও বেশি টেস্ট বা রেড বল ক্রিকেট খেলা প্রয়োজন, যাতে তাদের দক্ষতা আরও বৃদ্ধি পায় । অন্যান্য বড় দলেরও উচিত তাদের ডাকা।
পাকিস্তান ক্রিকেটের সংকট
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হারের পর পাকিস্তান দলের ব্যাপক রদবদল নিয়ে মুশতাক আহমেদ গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, একটি চলমান সিরিজের মাঝে সাতজন খেলোয়াড় ও কোচিং স্টাফ পরিবর্তন করা কোনোভাবেই কাম্য নয়। তার মতে, পাকিস্তানের এই সংকটের মুহূর্তে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য ধরা প্রয়োজন। তিনি পিসিবি কর্তৃপক্ষকে পরামর্শ দেন, সঠিক জায়গায় সঠিক মানুষকে দায়িত্ব প্রদান করা এবং অভিজ্ঞ প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে একটি পরামর্শক কমিটি গঠনের জন্য।
ভবিষ্যতে পাকিস্তান দলের সঙ্গে কাজ করার সুযোগ পেলে তিনি আগ্রহী কিনা এমন প্রশ্নের জবাবে মুশতাক জানান, নিজের দেশের সেবা করতে তিনি সবসময়ই আগ্রহী, তবে বর্তমানে যে ধরনের অস্থিরতা চলছে তা উদ্বেগজনক।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন