বরিশাল নিউজ, ভোলা
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পিএম আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ এএম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, ভোলা-বরিশাল সেতু নিয়ে আমাদের কেউ কেউ বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। সেতু নিয়ে কেউ অপপ্রচার করবেন না। ভোলা বরিশাল সেতু হবে। ভোলা-বরিশাল সেতুর জন্য আপনাদের নিয়ে আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি। সেই দাবির প্রেক্ষিতে এখনো আমি বিশ্বাস করি ভোলা-বরিশাল সেতু হবে।
তিনি আরও বলেন, স্পিকারসহ অন্যান্য সংসদ সদস্যরা সবাই ভোলা বরিশাল সেতু নিয়ে কথা বলেছেন। তবে আমি সবার চেয়ে বেশি বলেছি। ভোলার সঙ্গে সড়ক পথের যোগাযোগেরও প্রয়োজন রয়েছে। সে ক্ষেত্রে সংক্ষিপ্ত সময়ে ঢাকা যাওয়ার জন্য সড়ক পথেরও ব্যবস্থা হবে।
ভোলার নতুন বাজার চত্বরে বুধবার,২ সেপ্টেম্বর এক পথসভায় এসব কথা বলেন তিনি।
আমার রক্তে দুর্নীতি নেই
দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না। টিআর, কাবিখাসহ সরকারি সব ধরনের বরাদ্দের হিসাব আপনারা গুনে গুনে নিবেন। আমার রক্তে কোনো ধরনের দুর্নীতি নেই এবং আমি কোনো ধরনের দুর্নীতি করব না। যারা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকবেন তারা আমার লোক হতে পারবেন না।
মন্ত্রী তার নিজের প্রসঙ্গ টেনে বলেন, ‘আমার বাবা মরহুম নাজিউর রহমান মঞ্জুকে যেভাবে আপনারা ভালোবেসেছেন। আমাকেও সেভাবে ভালবাসবেন। আমাকে কেউ কখনো মন্ত্রী এমপি বলে সম্বোধন করবেন না। আমি আপনাদের সন্তান। বলবেন মঞ্জু মিয়ার ছেলে পার্থ।’
তিন দিনের সরকারি সফরে সড়ক পথ হয়ে মঙ্গলবার দুপুর ২টায় ভোলা এসে পৌঁছান তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তার আগমনকে ঘিরে হাজার হাজার নেতা-কর্মী মোটরসাইকেল, মাইক্রো, খোলা পিকআপ নিয়ে সড়কপথে অভিনন্দন জানান। এ সময় প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ছাড়াও বিজেপির নেতা-কর্মীরা শুভেচ্ছা বহরে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন