Advertise top
অর্থনীতি

কমলো এলপিজির বাড়লো সয়াবিন তেলের দাম

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম       

কমলো এলপিজির বাড়লো সয়াবিন তেলের দাম
এলপিজি ও সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ। ছবি: প্রতীকী

বাংলাদেশে সেপ্টেম্বর মাসের জন্য এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। একই দিনে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে সরকারের সিদ্ধান্তে। 

 

নতুন এই দুই দাম কার্যকর হয়েছে বুধবার, দুই সেপ্টেম্বর সন্ধ্যা থেকে।

 

এলপিজির দাম যেভাবে কমলো

 

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সেপ্টেম্বর মাসের জন্য নতুন এলপিজির দাম নির্ধারণ করে দিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি নতুন এই মূল্য ঘোষণা করে বুধবার, দুই সেপ্টেম্বর। নতুন দাম কার্যকর হয়েছে  আজই সন্ধ্যা ছয়টা থেকে।

 

বিইআরসির সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫৮৫ টাকা। আগের মাসের তুলনায় এই দাম কমেছে ১৩ টাকা। আগস্ট মাসে ১২ কেজি এলপিজির দাম ছিল এক হাজার ৫৯৮ টাকা।

 

ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দামও সমন্বয় করেছে বিইআরসি। মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৭৩ দশমিক শূন্য ৯ টাকা।

 

বাড়লো সয়াবিন তেলের দাম

 

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে পাঁচ টাকা বাড়িয়েছে সরকার। এর ফলে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা থেকে বেড়ে হয়েছে ২০৪ টাকা।

 

সচিবালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর এই দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয় বুধবার, দুই সেপ্টেম্বর দুপুরে। পরে বিকালে সাংবাদিকদের এই তথ্য জানান বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান।

 

তিনি বলেন, "বাজারে কোনো সংকট দেখা দেয়নি। আমাদের টিম বাজার মনিটর করে, কিন্তু সংকটের কোনো তথ্য আমাদের কাছে নেই।" একইসঙ্গে পাম তেলের দাম অপরিবর্তিত থাকবে বলে জানান তিনি।

 

আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় ও পরিবহন খরচ বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বাণিজ্য সচিব।

 

এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি লিটারে চার টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছিল ১৯৯ টাকা।


 

 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal