বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ আগষ্ট ২০২৬, ১০:২৩ এএম

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম সেমিফাইনালে মাত্র এক উইকেটে হেরেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। ১০১ রানে গুটিয়ে গিয়েও বল হাতে শেষ ওভার পর্যন্ত লড়াই করেছে বোলাররা। শেষরক্ষা অবশ্য হয়নি, ফাইনালে উঠেছে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি।
অস্ট্রেলিয়ার ডারউইনে রবিবার, ৩০ আগস্ট সকালে অনুষ্ঠিত হয় এই সেমিফাইনাল। টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৭.১ ওভারে ১০১ রানে অলআউট হয় বাংলাদেশ এইচপি দল।
দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন জিশান আলম, বল খেলেন ২০টি। আরিফুল ইসলাম করেন ১৯ রান, মাত্র দশ বলে। আবু হায়দার রনির ব্যাট থেকে আসে ১২ রান।
ভিক্টোরিয়ার হয়ে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন উইল সাদারল্যান্ড, চার ওভারে চার উইকেট নেন তিনি মাত্র ২৭ রান দিয়ে। হ্যারি হোকস্ট্রা ও স্যাম এলিয়ট দুজনেই নেন দুটি করে উইকেট, দুজনের খরচই ছিল ১৪ রান করে।
শেষ ওভার পর্যন্ত লড়াই
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ভিক্টোরিয়া একাডেমি। বাংলাদেশি বোলারদের তোপে একের পর এক উইকেট হারাতে থাকে দলটি। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে নয় উইকেট হারিয়ে জয়ের কাঙ্ক্ষিত রান তুলে নেয় তারা।
বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন মোহাম্মদ রুবেল, চার ওভারে ১৫ রান দিয়ে নেন তিন উইকেট। শামীম হোসেন নেন দুই উইকেট, রিপন মন্ডলের ঝুলিতে যায় একটি উইকেট।
ভিক্টোরিয়ার পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন ক্যাম্পবেল কেলাওয়ে। লিয়াম ব্ল্যাকফোর্ড করেন ১৯ রান, টম রজার্স করেন ১৮ রান। এত কাছাকাছি লড়াইয়ে শেষ পর্যন্ত এক উইকেটের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ভিক্টোরিয়া একাডেমি।
ফাইনালের অপেক্ষায় ভিক্টোরিয়া
পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থেকে সেমিফাইনালে ওঠা ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি এই জয়ে জায়গা করে নিল ফাইনালে। অন্যদিকে টুর্নামেন্ট শুরুর পর থেকে ধারাবাহিক পারফরম্যান্স দেখানো বাংলাদেশ এইচপি দলকে থামতে হলো সেমিফাইনালেই।
দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি ও চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ড 'এ' দল। এই ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে ফাইনালে খেলবে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি। বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টায় মাঠে গড়াবে ফাইনাল ম্যাচ।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন