বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ আগষ্ট ২০২৬, ১২:৩১ এএম

অস্ট্রেলিয়ার ডারউইনে চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিফাইনালের লাইনআপ চুড়ান্ত হয়েছে। বাংলাদেশ এইচপি দল শেষ চার নিশ্চিত করেছিল আগেই। এছাড়া সেমিফাইনাল নিশ্চিত হয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি, ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি ও নিউজিল্যান্ড 'এ' দলের।
টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, হায়দরাবাদ কিংসম্যান একাডেমি, নেপাল জাতীয় দল, অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি ও হোবার্ট হারিকেন্স একাডেমি।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, পয়েন্ট টেবিলের শীর্ষ দল পয়েন্ট টেবিলের চতুর্থ দলের বিপক্ষে এবং তৃতীয় দল দ্বিতীয় দলের বিপক্ষে খেলবে। ছয় ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি। সমান সংখ্যক ম্যাচ খেলে সমান পাঁচ জয় নিয়ে ১০ পয়েন্ট আছে বাংলাদেশ এইচপি দলেরও। তবে রান রেটে কিছুটা পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে টাইগাররা।
বাংলাদেশ এইচপির বিপক্ষে সেমিফাইনাল খেলবে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি একাদশ, তারাও ছয় ম্যাচে পাঁচ জয় নিয়ে ১০ পয়েন্টের অধিকারী; তবে রান রেটে অ্যাডিলেড ও বাংলাদেশ এইচপির চেয়ে পিছিয়ে।
নিউজিল্যান্ড 'এ', নর্দার্ন টেরিটরি স্ট্রাইক ও হায়দরাবাদ কিংসম্যান প্রত্যেকেই ছয় ম্যাচ খেলে তিনটি করে জয় পেয়েছে। তবে রান রেটে এগিয়ে থাকার সুবাদে নিউজিল্যান্ড 'এ' দল চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে। তাই সেমিফাইনালে শীর্ষে থাকা অ্যাডিলেডের মুখোমুখি হবে তারা।
সেমিফাইনাল শেষে শিরোপা উঠবে কার হাতে, তা জানতে আর বেশি অপেক্ষা নেই। প্রথম সেমিফাইনালে রবিবার, ৩০ আগস্ট বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় একটি সেমিফাইনাল এবং সকাল সাতটায় অন্য সেমিফাইনাল ম্যাচ শুরু হবে। ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টায়।
সূত্র: ক্রিকইনফো
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন