বরিশাল নিউজ, পটুয়াখালী
প্রকাশ : ২৭ আগষ্ট ২০২৬, ০৬:৫৯ পিএম

পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারে একসঙ্গে প্রায় ১০০ মণ ইলিশ ধরা পড়েছে। ট্রলারটি আলীপুর-মহিপুর মৎস্য বন্দরে ফিরলে নিলামের মাধ্যমে এসব ইলিশ প্রায় ৩০ লাখ টাকায় বিক্রি হয়ে যায়।
এফবি আব্দুল্লাহ নামের ট্রলারটির মাঝি বাদশা মিয়ার নেতৃত্বে ১৫ জন জেলেকে নিয়ে মঙ্গলবার, ২৫ আগষ্ট গভীর সাগরে মাছ ধরতে যান। এক দিন সাগরে থাকার পর পশ্চিমের বয়া সংলগ্ন এলাকায় জেলেদের জালে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ে।
এতো মাছ ধরা পড়ায় বুধবার, ২৬ আগষ্ট বিকালেট্রলারটি আলীপুর-মহিপুর মৎস্য বন্দরে ফিরে আসে। পরে সিফাত ফিসে দিনব্যাপী নিলামের মাধ্যমে প্রায় ৯০ থেকে ১০০ মণ ইলিশ বিক্রি হয়।
বরিশাল নিউজ ডটকমকে ট্রলারের মাঝি বাদশা মিয়া জানান, দীর্ঘদিন ধরে সাগরে তেমন ইলিশ পাওয়া যাচ্ছিল না। হঠাৎ পশ্চিমের বয়া এলাকায় জাল ফেললে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ে। তবে মাছগুলো তুলনামূলক ছোট। প্রায় ৩০ লাখ টাকায় এসব ইলিশ বিক্রি হয়েছে।
নিলামকারী সিফাত ফিসের মাছ ব্যবসায়ী মিজানুর রহমান বরিশাল নিউজ ডটকমকে বলেন, নিয়মিত এভাবে ইলিশ পাওয়া গেলে মৎস্য ব্যবসায়ীদের আগের ঋণ পরিশোধের পাশাপাশি ব্যবসায় গতি ফিরবে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাগরে কিছুদিন ইলিশের সংকট ছিল বলে জানান কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা । বরিশাল নিউজ ডটকমকে তিনি বলেন, বর্তমানে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। বৃষ্টি হলে ইলিশের আহরণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন