Advertise top
খেলা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের স্মরণীয় জয়!

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৮:৫২ পিএম    

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের স্মরণীয় জয়!
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের ৮৬ রানে জয়

অপেক্ষার যেন আর শেষ হচ্ছিল না। অবশেষে অবসান হল পরাজয়ের পালা।  ওয়ান ডে ক্রিকেটে অজিদের হারিয়ে অসাধ্য সাধন করলেন টাইগাররা। অস্ট্রেলিয়া হেরে গেল ডিএল মেথডে ৮৬ রানে।

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৯ জুন, মঙ্গলবার স্মরণীয় সেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

চার বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকতের অলরাউন্ড পারফরম্যান্স

বাংলাদেশকে সেই কাঙ্খিত জয় এনে দেন।

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন অজি অধিনায়ক জস ইংলিশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও সুখকর ছিল না বাংলাদেশের। দলীয় ৫ রানেই সাইফ হাসান বিদায় নেন। তবে তানজিদ তামিমের ৫৪ এবং নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ৬৭ রানের ইনিংসে ভিত পায় বাংলাদেশ। কিন্তু মাঝপথে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছিল টাইগাররা। সেই পরিস্থিতি সামাল দিয়ে দলকে ২৮৪ রানের লড়াকু পুঁজি এনে দেন মোসাদ্দেক হোসেন। ক্যারিয়ার সেরা অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলে তিনি প্রমাণ করেছেন, দলে তার ফেরার মাহাত্ম্য কতটা। লোয়ার অর্ডারে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন তাসকিন আহমেদ, যিনি ১৬ বলে করেছেন ২০ রান।

 

২৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। দলীয় ২ রানের মাথায় তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান ফিরিয়ে দেন ম্যাথু শট ও মার্নাস ল্যাবুশেনকে। এরপর অজিদের মিডল অর্ডার গুঁড়িয়ে দেন পেসার রানা। তিনি ৪১ রান খরচায় শিকার করেন ৪টি উইকেট। বল হাতে মোসাদ্দেকও ছিলেন দুর্দান্ত; ৩৭ রান দিয়ে তার ঝুলিতে জমা পড়ে ২ উইকেট। ক্যামেরুন গ্রিন এক প্রান্ত আগলে রেখে ৫২ রান করলেও, বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে অস্ট্রেলিয়া ১৯১ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে ফেলে। এরপর আর খেলা না গড়ালে ডিএল মেথডে জয়ের উল্লাসে মাতে বাংলাদেশ।

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ২০১১ সালে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। সেই সিরিজের পর আইসিসির টুর্নামেন্টে অজিদের বিপক্ষে তিনবার দেখা হয়েছে টাইগারদের। তার দুটিতে হারতে হয়, একটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে।

 

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানভীর ইসলাম।

 

 

অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিশ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।

সূত্র: ইত্তেফাক


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal