বরিশাল নিউজ
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পিএম

মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা কার্যকর করতে বরিশালের নদীতে অভিযান চলছে। নৌবাহিনী এ পর্যন্ত ২৫ কোটি টাকার বেশি মূল্যের জাল জব্দ করেছে।
ইলিশের নিরাপদ প্রজননের জন্য ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা চলছে। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুত, কেনাবেচা ও বিনিময় নিষিদ্ধ।
নৌবাহিনী সোমবার, ১৯ অক্টোবর হিজলা, মেহেন্দিগঞ্জ, গোবিন্দপুর, লাহারহাট, বাবুগঞ্জ, চরমোনাই, শ্রীপুর ও পাতারহাট এলাকার নদ-নদীতে অভিযান চালায়। নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবহৃত অবৈধ জাল ও সরঞ্জাম জব্দ করা হয়।
নৌবাহিনীর তথ্য অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত এলাকায় এ পর্যন্ত ৩০ লাখ ৩১ হাজার ৬২০ মিটার অবৈধ জাল জব্দ হয়েছে। এর বাইরে আরও ৭৪টি জাল পাওয়া গেছে। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৯০০ টাকা।
বানৌজা কুশিয়ারার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এস এম আব্দুল্লাহ আল মামুন জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে। সমুদ্র, উপকূল ও অভ্যন্তরীণ নদ-নদীতেও নৌবাহিনীর তৎপরতা চলবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন