Advertise top
আদালত-অপরাধ

ইলিশ শিকারে ৪ জেলের জরিমানা

বরিশাল নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পিএম    

ইলিশ শিকারে ৪ জেলের জরিমানা
তাৎক্ষনিক জরিমানা করে তা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। বরিশাল নিউজ ডটকম

নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরায় বরিশালে চার জেলেকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলে কীর্তনখোলা ও কালাবদর নদীতে।

 

মা ইলিশের নিরাপদ প্রজননের জন্য সরকার ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে। এই নিষেধাজ্ঞা সারা দেশে কার্যকর রয়েছে।

 

বরিশাল সদর উপজেলা প্রশাসন রবিবার, ১৮ অক্টোবর ভোর ছয়টা থেকে সকাল ১০টা পর্যন্ত টানা চার ঘণ্টা অভিযান চালায়। নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানা। সঙ্গে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন ও বরিশাল ব্যাটালিয়ন আনসারের একটি দল।

 

চার জেলেকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত মোট ৩৫ হাজার টাকা জরিমানা করে। টাকা তখনই আদায় করা হয়। নদী থেকে প্রায় ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। অভিযানে পাওয়া ১০ কেজি ইলিশ স্থানীয় একটি এতিমখানায় দেওয়া হয়েছে।

 

ইউএনও ফরিদা সুলতানা বলেন, ‘ইলিশ আমাদের জাতীয় সম্পদ।’ তিনি আরও বলেন, সরকারি নিষেধাজ্ঞা মেনে চলা সবার জন্য বাধ্যতামূলক। আইন অমান্য করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ সময়ে প্রশাসনের টহল ও নজরদারি আরও জোরদার থাকবে বলে জানান তিনি।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal