বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পিএম

অফিসের কাজে একদিন আগে ফেরায় বেঁচে গেছেন বরিশালের উজিরপুরের নূর আলম। কক্সবাজারের রিসোর্টের আগুনে স্ত্রী-সন্তানসহ ছয়জনকে হারালেন তিনি।
নূর আলমের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার বড়কোঠা ইউনিয়নের গাজিরপাড় গ্রামে। তিনি একটি ওষুধ কোম্পানির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা। কাজের সূত্রে প্রায় আট বছর ধরে তিনি চুয়াডাঙ্গা শহরে ভাড়া বাসায় সপরিবার থাকতেন।
নূর আলম মোবাইল ফোনে জানান, বুধবার, ১৪ অক্টোবর স্ত্রী ও ছেলেকে নিয়ে তিনি ঢাকায় যান। সেখান থেকে শ্যালক-শ্যালিকাদের সঙ্গে বৃহস্পতিবার, ১৫ অক্টোবর কক্সবাজার যান। অফিসের কাজ পড়ায় শুক্রবার, ১৬ অক্টোবর তিনি একা চুয়াডাঙ্গায় ফেরেন।
শনিবার, ১৭ অক্টোবর সকালে উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন টুপটুপ রিসোর্টে আগুন লাগে। গণমাধ্যমে খবর দেখে তিনি খোঁজ নেন। নূর আলম বলেন, ‘খোঁজ নিয়ে দেখি নিহত ছয়জনই আমার পরিবারের সদস্য।’
নিহতরা হলেন নূর আলমের স্ত্রী ফারিয়া কবির (৩৩), পাঁচ বছর বয়সী ছেলে ও শ্যালক নাসির উদ্দিন (২৫)। আরও নিহত হয়েছেন তিন শ্যালিকা ইসরাত জাহান মালিহা (৩০), লায়লা জাহান নাবিলা (২৭) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩)।
ফায়ার সার্ভিসের কক্সবাজারের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন ঘটনাস্থলে ১০ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। আরও মরদেহ থাকতে পারে বলে জানিয়েছেন তিনি। উদ্ধার অভিযান চলছে।
হতাহতদের স্বজন মো. আহাদ জানান, শনিবার, ১৭ অক্টোবর সকালেই তাদের ঢাকার পথে রওনা হওয়ার কথা ছিল। এ ঘটনায় সবাই শোকে বিহ্বল বলে জানান তিনি।
ঘটনায় দগ্ধ ছয়জন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ইসমাইল হোসেন ও তার স্ত্রী মেহেরুন নেছা ফারিয়া কবিরের মামা-মামি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন