Advertise top
বাংলাদেশ

ইনানীর রিসোর্টে আগুনে নিহত অন্তত ১০

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পিএম    

ইনানীর রিসোর্টে আগুনে নিহত অন্তত ১০
রিসোর্টটিতে ১৮ জনের মতো ছিল বলে প্রাথমিক তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন। সংগৃহীত

উখিয়ার ইনানীতে কাঠ-বাঁশের রিসোর্টে আগুনে অন্তত ১০ জন মারা গেছেন। কারণ এখনো নিশ্চিত নয়, রান্নার চুলার কথা বলছেন অনেকে।

 

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার ‘টুপ টুপ’ রিসোর্টে শনিবার, ১৭ অক্টোবর সকাল সাতটা ২৩ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। দুই তলা কাঠামোর এক পাশ ইটের, বাকি অংশ কাঠ, বাঁশ ও টিনের তৈরি। কর্মীরা আটটার দিকে পৌঁছে সোয়া আটটায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিবিসি বাংলাকে জানান, ১০টি মরদেহ উদ্ধার হয়েছে। নিহতদের মধ্যে একটি শিশু, দুইজন নারী ও একজন পুরুষকে শনাক্ত করা গেছে। বাকি ছয়জনের পরিচয় জানা যায়নি।

 

উখিয়ার উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার জানান, ছয়জনকে আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, আগের রাতে রিসোর্টে ২০ জনের মতো ছিলেন। তাদের দুইজন চেক আউট করেন। ফলে প্রায় ১৮ জন ছিলেন বলে প্রাথমিক তথ্য মিলেছে।

 

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানিয়েছেন, নিহতদের ছয়জন একই পরিবারের সদস্য। মরদেহের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।

 

জেলা প্রশাসক মো. আ. মান্নান সাংবাদিকদের বলেন, অনেকে রান্নার চুলা থেকে আগুন লাগার কথা বলছেন। তদন্ত ছাড়া কারণ নিশ্চিত করা যাবে না। একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে।

 

স্থানীয় গণমাধ্যমকর্মী আবদুর রহমানের বরাতে বিবিসি বাংলা জানিয়েছে, ঘটনার পরপরই রিসোর্টের কর্মচারীরা পালিয়ে যান।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal