Advertise top
বরিশাল

গৌরনদী ও কলাপাড়ায় পৃথক বাস দুর্ঘটনায় আহত ১৮

বরিশাল নিউজ

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম    

গৌরনদী ও কলাপাড়ায় পৃথক বাস দুর্ঘটনায় আহত ১৮
গৌরনদী ও কলাপাড়ায় এসব দুর্ঘটনা ঘটে। ছবি: বরিশাল নিউজ

বরিশালের গৌরনদী ও পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী দুটি বাস পৃথকভাবে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত ১৮ জন আহত হয়েছেন।

 

দুইটি বাসই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।


 

কুয়াকাটাগামী বাস পুকুরে, আহত ১৩

পটুয়াখালীর কলাপাড়ায় পর্যটকবাহী একটি ডাবল ডেকার বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। এতে অন্তত ১৩ জন পর্যটক আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

 

কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় শুক্রবার, চার সেপ্টেম্বর ২০২৬ সকাল সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র বরিশাল নিউজ ডটকমকে জানায়, বৃহস্পতিবার রাতে আইকনিক পরিবহনের বাসটি ঢাকা থেকে ২০ থেকে ২৫ জন পর্যটক নিয়ে কুয়াকাটার উদ্দেশে রওনা দেয়। সকালে খলিলপুর এলাকায় পৌঁছানোর পর বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। গুরুতর আহত ছয়জনকে কলাপাড়া হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, বাসটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা ছিলেন, যারা বাসটি ভাড়া করে দলবদ্ধভাবে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিলেন।

 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং কয়েকজন আহত হলেও কেউ নিহত হননি। তিনি আরও জানান, বাসের চালক ও সহকারী দুর্ঘটনার পর থেকে পলাতক রয়েছেন এবং এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

গৌরনদীতে বাস উল্টে খাদে, আহত ৫

এদিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে পৃথক এক দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশে খাদে উল্টে পড়েছে। এতে পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

 

মহাসড়কের আশোকাঠি এলাকায় নির্মাণাধীন মডেল মসজিদের পাশে শুক্রবার, চার সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে ইউরো স্টার লাইন পরিবহনের একটি এসি বাস বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আশোকাঠি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে খাদে পড়ে যায়, যাতে পাঁচজন যাত্রী গুরুতর আহত হন।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। গৌরনদী হাইওয়ে থানার এসআই সরিফুল ইসলাম জানান, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের সদস্যরা কাজ করছেন এবং রেকার দিয়ে বাসটি উত্তোলনের চেষ্টা চলছে। তিনি আরও জানান, নিয়ন্ত্রণ হারানোর কারণ খতিয়ে দেখে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal