বরিশাল নিউজ, ভোলা
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পিএম

ভোলায় স্ত্রীকে হত্যার পর মরদেহে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার মামলায় মো. বশির নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বশির ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মুসাকান্দি গ্রামের বাসিন্দা।
ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মো. এনায়েত উল্লাহ সোমবার, ৩১ আগস্ট এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি রাতে বশির তার স্ত্রী বিলকিসকে নিজ বসতঘরে হত্যা করে। পরে তার শরীরে আগুন ধরিয়ে দেয়। এতে বিলকিসের মুখ, গলা, ঘাড়, বুক ও পাঁজরসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।
স্ত্রীর মৃত্যু নিশ্চিত করার পর বশির তাদের দুই সন্তান নয় বছর বয়সী খাদিজা খাতুন ও দেড় বছর বয়সী মো. ইমরানকে বাড়িতে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এরপর প্রায় ২১ বছর পালিয়ে থাকার পর ২০২৫ সালে আদালতে আত্মসমর্পণ করে সে।
বিচারিক প্রক্রিয়া শেষে আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় বশিরকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. হাবিবুর রহমান (বাচ্চু)। আসামিপক্ষে সর্বশেষ আইনজীবী ছিলেন অতীন্দ্র লাল ব্যানার্জী।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন